আবার শীর্ষে টাইগার উডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনা নাটকীয়ভাবে বদলে দিয়েছিল টাইগার উডসের জীবন। ব্যক্তিগত জীবনের অনেক গোপন তথ্য প্রকাশিত হওয়ার পর রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ক্রীড়াজগতের অন্যতম প্রধান এই ব্যক্তিত্ব। টানা দুই বছর তিনি ছিলেন শিরোপাবঞ্চিত। ক্যারিয়ারটাই শেষ হয়ে যায় কিনা—এমন আশঙ্কাও সেসময় প্রকাশ করেছিলেন অনেকে। তবে সেই আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে আবারও স্বরূপে ফিরেছেন টাইগার উডস। ফিরে পেয়েছেন গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা। আর্নল্ড পালমার পিজিএ ট্যুর জিতে ২০১০ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ৩৭ বছর বয়সী টাইগার উডস।গলফ জগতে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল টাইগার উডসের। টানা ৬২৩ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ডও গড়েছিলেন এই মার্কিন গলফার। কিন্তু ২০০৯ সালে তাঁর কিছু ব্যক্তিগত গোপন সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার পর রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ১৪টি মেজর শিরোপাজয়ী উডস। সেই ধাক্কা কাটিয়ে ২০১০ সালের এপ্রিলে আবারও গলফের ময়দানে ফিরে আসেন তিনি। কিন্তু নিজের হারানো আধিপত্য পুনরুদ্ধার করার কাজটা সহজ ছিল না উডসের জন্য। ২০১১ সালের নভেম্বরে র্যাঙ্কিংয়ের ৫৮তম অবস্থানে নেমে যান তিনি। তবে সাম্প্রতিক সময়ে আবারও যেন ফিরে আসছেন সেই আগের টাইগার উডস। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারটা তারই ইঙ্গিত দিয়েছে। এখন এই শীর্ষস্থানটা তিনি ধরে রাখতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। ‘টাইমস অব ইন্ডিয়া’