আগের পাঁচটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারেনি অস্ট্রেলিয়া। তাই বলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপ এতটুকু কমেনি। তা ছাড়া টেস্ট ম্যাচটি প্রিটোরিয়ায়, দক্ষিণ আফ্রিকা পাবে নিজেদের মাঠ আর দর্শকদের সামনে খেলার সুযোগ...এই পর্যন্ত পড়ে বিভ্রান্ত? টি-টোয়েন্টির বদলে টেস্ট! কলম্বোর বদলে সেই ম্যাচও আবার প্রিটোরিয়ায়! সব গোলমেলে লাগারই কথা। আরেকটু বিভ্রান্ত হন, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি আজ নয়, হয়ে গেছে গতকাল!এবার খোলাসা করা যাক। আসলে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগেই গতকাল প্রিটোরিয়ায় হয়ে গেছে এই দুই দেশেরই রাগবি দলের টেস্ট ম্যাচ। পাশাপাশি টানা দুই দিন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা! দুই ক্রীড়ানুরক্ত দেশের মানুষের জন্য এ তো সোনায় সোহাগা!রাগবির সাম্প্রতিক পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার দাপট। কিন্তু টি-টোয়েন্টিতে ছবিটা অন্য রকম। আট ম্যাচ। দুই দলই জিতেছে চারটি করে। সমানসমান। কলম্বোর লড়াইটা যে সেয়ানে-সেয়ানে হবে সেই আশা আপনি করতেই পারেন। তবে সুপার এইটের প্রথম ম্যাচে ‘চোক’ করে যাওয়া দক্ষিণ আফ্রিকার ওপর হয়তো আরও বেশি মনস্তাত্ত্বিকভাবে চাপ দিতে চাইলেন জর্জ বেইলি। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সুযোগ পেয়েই প্রোটিয়াদের কাটা ঘায়ে আয়োডিনযুক্ত লবণ ছিটিয়ে দিলেন। তাঁর দাবি, হারলেই বিদায় অনেকটাই নিশ্চিত—এই সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা দক্ষিণ আফ্রিকা নাকি আজকের ম্যাচেও ভেঙে পড়বে!ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পরও ‘অতৃপ্ত’ বেইলি বলেছেন, ‘আমাদের সমীকরণ পাল্টায়নি। কারণ সুপার এইটের তিন ম্যাচের দুটিই আমাদের জিততেই হবে। অবশ্য দক্ষিণ আফ্রিকা এখন অনেক বেশি চাপে। কারণ তাদের জিততে হবে শেষ দুটি ম্যাচই।’ পাকিস্তানের বিপক্ষে ‘ব্যাটসম্যান’ উমর গুলের কাছে যেভাবে দক্ষিণ আফ্রিকা হেরেছে, তাতে নতুন করে পুরোনো সেই অপ্রিয় শব্দটাই ডি ভিলিয়ার্সদের কানে ভাঙা রেকর্ডের মতো বাজছে। প্রোটিয়া অধিনায়ক অবশ্য এবার বর্ম নিয়ে দাঁড়ালেন দলের সামনে, ‘অতীতে হয়তো আমরা অনেকবারই এভাবে ভেঙে পড়েছি, কিন্তু এটা আলাদা একটা টুর্নামেন্ট। অনেকেই বলবে আমরা চোক করেছি। কিন্তু আমরাও আজকের (পরশু) ম্যাচে জয়ের অবস্থানে ছিলাম, বিষয়টা আমি এভাবেই দেখছি। পরের দুই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। আর চোকিং নয়।’দেখাই যাক! ওয়েবসাইট।