আবার শুরু মেসি-রোনালদো লড়াই
গত মৌসুমের মতো এবারও জমে উঠেছে মেসি-রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। ক্রমাগত গোল করে যাচ্ছেন এ সময়ের সেরা দুই ফুটবলার। গতকাল দুজনই করেছেন মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক। তাঁদের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্যদিকে রায়ো ভাল্লেকানোর বিপক্ষে ৬-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার প্রথম পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালানরা। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা জেতাতে না পারলেও ৪০ গোল করে শীর্ষ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির পা থেকে এসেছিল ৩১ গোল। তবে এবারের মৌসুমের শুরুতে মেসিই কিছুটা এগিয়ে আছেন। ৫ ম্যাচে ৮ গোল করে এখন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে ৭ গোল নিয়ে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন রোনালদো।গতকাল নু ক্যাম্পে ৯ মিনিটের মাথায় অ্যাটলেটিকোর জালে প্রথমবারের মতো বল জড়ান ডেভিড ভিয়া। কয়েক মিনিট পর অ্যাটলেটিকোর ডিফেন্ডার মিরান্ডার আত্মঘাতী গোলের সুবাদে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ২৫, ৭৮ ও ৯১ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৫-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে।অন্যদিকে নিজেদের মাঠে খেলার প্রথম মুহূর্তেই গোল হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে। মিগুয়েল পেরেজ কস্তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রায়ো ভাল্লেকানো। ৩৯ মিনিটে এই গোল শোধ করেন রোনালদো। প্রথমার্ধের শেষ মুহূর্তে গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রোনালদো। কয়েক মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে খেলাটা উত্তেজনাপূর্ণ করে তোলেন ভাল্লেকানো স্ট্রাইকার মিগুয়েল পেরেজ। তবে এরপর তাদের আর কোনো সুযোগ দেননি মরিনহোর শিষ্যরা। ৬৭ মিনিটে রিয়ালের জার্সি গায়ে প্রথম গোলটি করেন তরুণ ডিফেন্ডার রাফায়েল ভারনে। ৭৩ মিনিটে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন করিম বেনজেমা। ৮৪ মিনিটে ভাল্লেকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকটাও।—রয়টার্স।