আবার শুরু হচ্ছে ঠিকানা বদলের মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির দলবদল এমনিতেই খুব আলোচনায় আসে না। খেলোয়াড় যা কেনার গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই কিনে ফেলে ক্লাবগুলো। মধ্যবর্তী এই অবকাশে ক্লাবের মালিকেরা মাঠে নামেন খুবই কম। গত দুই মৌসুমে অবশ্য জানুয়ারিতে একটু আলোচনা হয়েছিল ডেভিড বেকহামের এসি মিলানে ধারে খেলতে যাওয়া নিয়ে। এবার বেকহামকে ধারে খেলানোর ব্যাপারে ইউরোপের ক্লাবগুলোর আগ্রহ দেখা যাচ্ছে সামান্যই।তার পরও আলোচনা যে একেবারেই হচ্ছে না তা নয়। বরং সেটি জমিয়ে দিতে পারেন কার্লোস তেভেজ। আপাতত আর্জেন্টাইন স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিতে থেকে যেতে রাজি হয়েছেন। তবে এটা পরিষ্কার, কোচ রবার্তো মানচিনির সঙ্গে সম্পর্কের সুতোটা তাঁর দুর্বল হয়ে গেছে। তেভেজ শেষ পর্যন্ত ক্লাব পাল্টেও ফেলতে পারেন।প্রথমে শোনা গিয়েছিল নিজের দেশেই ফিরে যেতে চান। বোকা জুনিয়র্স হয়তো ফিরিয়ে আনতে পারে তাদের ঘরের ছেলেকে। স্ট্রাইকারের সন্ধানে থাকা হোসে মরিনহোও আগ্রহ দেখাতে পারেন। তাঁর ঠিকানা হতে পারে দুই আর্জেন্টাইন সতীর্থ হিগুয়েইন-ডি মারিয়ার রিয়াল মাদ্রিদ।দলবদলের আলোচনায় এর পরই আছেন ডেভিড লুইজ, ব্রাজিলের রক্ষণভাগের আগামীর তারকা ভাবা হচ্ছে তাঁকে। ২৩ বছর বয়সী লুইজ খেলেন বেনফিকায়। লুইজকে কিনতে আগ্রহী ম্যান সিটি। ইন্টার মিলান ও রিয়ালও আছে তাঁকে নেওয়ার দৌড়ে।রোনালদিনহোকে নিয়েও গুঞ্জন আছে। এসি মিলানের ব্রাজিলিয়ান প্লে-মেকার কদিন ভালো খেলেন তো কদিন আবার হারিয়ে যান। শোনা যাচ্ছে, ৩০ বছর বয়সী রোনালদিনহো ফিরে যাচ্ছেন তাঁর প্রথম ক্লাব গ্রেমিওতে।জুভেন্টাসে এক দশক কাটিয়ে এ মৌসুমে ডেভিড ত্রেজেগে নাম লিখিয়েছেন হারকিউলিসে। স্পেনের খুদে এ দলটির হয়ে ফরাসি স্ট্রাইকার যেন নতুন করে খুঁজে পেয়েছেন নিজেকে। লিগে ১৩ ম্যাচে ৮ গোল করে বুঝিয়ে দিয়েছেন, ৩৩ বছর বয়সেও ফুরিয়ে যাননি। হারকিউলিস অবশ্য বলছে, কোনোমতেই তারা ত্রেজেগেকে বিক্রি করবে না। কিন্তু মোটা অঙ্কের প্রস্তাব পেলে মত বদলাতে কতক্ষণ। আর সেই প্রস্তাব আসতে পারে ইন্টার, লিভারপুলের কাছ থেকে। ওয়েবসাইট।