আবার শেষ সময়ের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে গোল করার প্রাণপণ চেষ্টা বাংলাদেশের। কিন্তু খানিক আগেই গোল হজম। আবারও শেষ সময়ের গোলে জয়বঞ্চিত মামুনুলরা। কাল গোয়ার নেহরু স্টেডিয়ামে | টিভি ছবি
শেষ মুহূর্তে গোল করার প্রাণপণ চেষ্টা বাংলাদেশের। কিন্তু খানিক আগেই গোল হজম। আবারও শেষ সময়ের গোলে জয়বঞ্চিত মামুনুলরা। কাল গোয়ার নেহরু স্টেডিয়ামে | টিভি ছবি

ক্রিকেট মাঠের ছবিটা যেন ফিরে এল ফুটবলেও! পাকিস্তানের বিপক্ষে পরশু এশিয়া কাপে জয় দেখতে দেখতে হেরে গেল ক্রিকেট দল। ফুটবল মাঠে কাল ভারতের বিপক্ষে অবশ্য হারতে হয়নি, ড্র। তবে সেটি অনেকটা হারেরই সমান। জয়ের সুবাস পেতে পেতে টানা দুই ম্যাচে ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ!
ম্যাচের শেষ দিকে টিভি পর্দায় সামনে ভিড় বেড়ে গেল। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে। নির্ধারিত ৯০ মিনিটের শেষ মিনিট চলছে। ভারতের বিপক্ষে দীর্ঘ ১১ বছর পর ফুটবল মাঠে তাহলে জয় আসছে! সবাই দুরু দুরু মনে শেষ কয়েক মিনিট পার হওয়ার অপেক্ষায়। তখনই সেই বজ্রাঘাত। শেষ সময়ের গোল খাওয়ার পুরোনো বাতিক!
সুনীল ছেত্রী করে দিলেন ২-২। ম্যাচে যেটি তাঁর দ্বিতীয় গোল। বাংলাদেশ রক্ষণের ক্লান্তির সুযোগ নিলেন ভারত অধিনায়ক। একই সমান্তরালে দাঁড়িয়ে রইল নাসির, রায়হানদের রক্ষণ। রায়হান আরেকটু চেষ্টা করলেন ছেত্রীকে হয়তো আটকাতে পারতেন। নাসির পরে এলেন বটে, ততক্ষণে বক্সে ঢুকে দারুণ শটে ছেত্রী ম্যাচ করে দিলেন ২-২।
ঠিক এভাবেই গত আগস্টে কাঠমান্ডুতে বাংলাদেশকে জিততে দেননি সুনীল ছেত্রী। সাফ টুর্নামেন্টের ওই গ্রুপ ম্যাচে ১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ গোল খেয়েছে অতিরিক্ত সময়ে। শ্রীলঙ্কান রেফারির দেওয়া বিতর্কিত ফ্রি-কিকে সরাসরি গোল করেছিলেন ছেত্রী, যিনি হয়ে উঠেছেন ভারতের ত্রাতা। বাংলাদেশের পথের কাঁটা।
এবার ২-২ হওয়ার পর মুম্বাইয়ের রেফারি বাংলাদেশের একটি গোল দেননি। বদলি ফরোয়ার্ড তকলিচ বক্সের বাইরে ভারত গোলরক্ষক সুব্রত পালের বাধা এড়িয়ে দারুন শটে বল জালে জড়ান। কিন্তু রেফারি গোল না দিয়ে ফাউল দিয়েছেন বাংলাদেশের পক্ষে (যদিও ফাউল হয়েছে কিনা সংশয় আছে), আর লালকার্ড দেখান গোলরক্ষককে। এটি রেফারির বিতর্কিত সিদ্ধান্তই।
দুই দেশের আগের ২৬ সাক্ষাতে ভারতের জয় ১৫ ম্যাচে। ড্র ৮, বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি। শেষ জয় ২০০৩ ঢাকা সাফে। ১১ বছর পর টানা দুটি ম্যাচে জয়ের কাছে গিয়েও ফিরে আসা—বাংলাদেশের এখন শেষ কয়েক মিনিট গোল না খাওয়ার কোনো দাওয়াই বের করা জরুরিই।
প্রথমার্ধে সেভাবে চোখ না পড়লেও দ্বিতীয়ার্ধে তুলনামূলক গুছিয়ে খেলেছে মামুনুলের দল। কদিন আগেই কলকাতায় আইএফএ শিল্ডে মন মাতানো ফুটবল খেলে আসা শেখ জামালের কথা তখন মনে করাচ্ছিল বাংলাদেশ। ‘বিল্ডআপ’ ফুটবল খেলার ছন্দ ফিরে আসছিল, পাসিং-বল নিয়ন্ত্রণও ভালো হচ্ছিল এ সময়। মোটের ওপর আত্মবিশ্বাসী লাগছিল।
তারই ফল—পিছিয়ে পড়া বাংলাদেশ দুটি গোল করে পাল্টে দিল ম্যাচের ছবি। ৫১ মিনিটে সোহেল রানা বাঁ প্রান্ত ধরে অনেকটা ভেতরে ঢুকে ভারতের বক্সে বল ফেলেছিলেন। মিঠুনকে বক্সে দেখে বল ছেড়ে দিলেন মাঝমাঠে খেলা অভিষিক্ত হেমন্ত ভিনসেন্ট (মূলত ডিফেন্ডার)। অরক্ষিত মিঠুন আলতো টোকায় বল জালে জড়িয়ে স্কোরলাইন করলেন ১-১।
৪-২-৩-১ ছকে দল সাজিয়ে ডি ক্রুইফ একক স্ট্রাইকার রাখেন এমিলিকে। পেছনে মিঠুন, হেমন্ত ও সোহেল রানা। চার ডিফেন্ডার নাসির, রায়হান, মিশু, ইয়াসিনের সামনে জামাল ও মামুনুল। প্লে-মেকার মামুনুল খেলাটা যখন ধরলেন মাঝমাঠে, বাংলাদেশ ফাঁকা জমিন বের করে ফেলছিল।
এমন সময়ই দৃশ্যপটে আবির্ভাব অভিষিক্ত হেমন্ত ভিনসেন্টের, এমিলির ১০ নম্বর জার্সি এদিন হঠাৎই যাঁর গায়ে! মোহামেডানের এই ডিফেন্ডারকে হল্যান্ডে ট্রায়ালের জন্য পাঠিয়েছেন ডি ক্রুইফ, এবার জাতীয় দলে দিলেন সুযোগ। ফলও পেলেন। ৬৫ মিনিটে ডান প্রান্ত ধরে হেমন্ত বক্সে ক্রস করেছিলেন, সেই ক্রস ভারতের অর্ণব মণ্ডলের পায়ে লেগে জালে।
ভারতকে ১৪ মিনিটে এগিয়ে দেন ছেত্রী। রবীন সিংয়ের সঙ্গে ছেত্রীর দারুণ বোঝাপড়ার ফল এই গোল। মাঝমাঠ থেকে দুজনে ওয়াল খেললেন, রবীনের সঙ্গে ওয়ান-টু করে বল নিয়ে বেরিয়ে মাপা শটে বাংলাদেশ গোলরক্ষক সোহেলকে পরাস্ত করেন ছেত্রী।
সোহেল দ্বিতীয়ার্থে বেশ কিছু ভালো সেভ করেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। শেষ কয়েক মিনিট নিয়ে আরও ভাবতে হবে ডি ক্রুইফকে।