আবার শ্রীলঙ্কা দলে ভাস-মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কার উত্থানে বড় অবদান মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাসের। এই স্পিন-পেস জুটি অজস্রবার শ্রীলঙ্কাকে এনে দিয়েছে সাফল্য। মাঠের খেলা সাঙ্গ হয়েছে অনেক আগেই। এবার মাঠের বাইরে থেকেই সাফল্য এনে দেওয়ার দায়িত্ব বর্তাল শ্রীলঙ্কান ক্রিকেটের এই দুই কিংবদন্তি বোলারের ওপর। পরশু চামিন্ডা ভাসকে দুই বছরের জন্য ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মুরালিকে করা হয়েছে উপদেষ্টা। বাংলাদেশ সিরিজ সামনে রেখে স্পিনারদের নিয়ে কাজও শুরু করে দিয়েছেন মুরালিধরন। গত মাসে প্রথম ভাসকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয় এসএলসি। বাঁহাতি এই পেসার আগ্রহও দেখিয়েছিলেন। কিন্তু প্রস্তাবিত বেতন-ভাতা নিয়ে বনিবনা না হওয়ায় ভাস তখন পিছিয়ে গিয়েছিলেন। এরপর আবার নতুন করে আলোচনা হওয়ার পর দুই পক্ষই একমত হয়। গত পরশুই নিশ্চিত হয় ভাসের নিয়োগ। এসএলসির প্রধান নির্বাহী অজিত জয়াসেকেরা জানিয়েছেন, বর্তমান দুই বোলিং কোচ চম্পকা রামানায়েকে ও আনুশা সমরানায়েকে ভাসের অধীনেই কাজ করবেন। শ্রীলঙ্কার পেস বোলিং একাডেমির দায়িত্বও দেওয়া হয়েছে ভাসকে। মুরালিধরনকেও পূর্ণকালীন দায়িত্ব দিতে চেয়েছিল বোর্ড। তবে এখনো বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলার কারণে দায়িত্বটা নিতে রাজি নন ৮০০ টেস্ট ও ৫৩৪ ওয়ানডে উইকেটের মালিক। ওয়েবসাইট।