আবার সাঁতারপুলে ‘থর্পেডো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরটি বাজে কাটলেও ২০১২ লন্ডন অলিম্পিককে পাখির চোখ করে আবার পুলে নেমে পড়েছেন মাইকেল ফেল্প্স। বেইজিং অলিম্পিকের আটটি সোনাজয়ী সাঁতারুর পুনরুজ্জীবিত হয়ে পুলে নামাটাই বিশ্ব সাঁতারকে রোমাঞ্চের হাতছানি দিচ্ছে। এরই মধ্যে কাল অবসর ভেঙে পুলে ফেরার ঘোষণা দিলেন ইয়ান থর্প। অস্ট্রেলিয়ার সাঁতার ইতিহাসের সর্বকালের সেরা এই সাঁতারুর চোখও লন্ডন অলিম্পিকে।বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল বাতাসে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই ফেরার ঘোষণা দিলেন পাঁচটি অলিম্পিক ও ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনাজয়ী সাঁতারু থর্প। লক্ষ্য অবশ্যই লন্ডন অলিম্পিক। তবে এর আগে নিজের সামর্থ্য পরখ করে দেখতে অংশ নেবেন ২০১২-এর শুরুতে অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্রায়ালে। পরিকল্পনা করছেন আবুধাবি ও ইউরোপে অনুশীলন করার।অবসর ভেঙে ফিরছেন অথচ কয়েক সপ্তাহ আগেও এটা ভাবতে পারেননি থর্প, ‘আমি কখনো ভাবতেই পারিনি, আমি আবার প্রতিযোগিতমূলক সাঁতারে ফিরব। তবে আমি উচ্ছ্বসিত।’ ‘থর্পেডো’র ফেরাটা সাঁতারপুলে বিশেষ রোমাঞ্চ ছড়াবে, বব বাউম্যানের কথাতেই এর আভাস। সংবাদটি কানে যেতেই থর্পকে শুভেচ্ছা জানিয়েছেন ১৪টি অলিম্পিক সোনাজয়ী ফেল্পেসর কোচ। ‘ইয়ানের ফেরাটাকে আমি শুভেচ্ছা জানাই। তার উপস্থিতি সাঁতারের প্রতি আগ্রহ ও প্রবল উৎসাহ বাড়াবে। আমরা শিগগির তাকে আবার ঝড় তুলতে দেখার অপেক্ষায় রয়েছি’—বলেছেন বাউম্যান।ইতিহাসের প্রথম সাঁতারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের এক আসরে ৬টি সোনা জেতা থর্প আচমকা অবসরের ঘোষণা দেন ২০০৬ সালে। মাত্র ২৪ বছর বয়সেই থর্পের অবসর নেওয়ার পেছনে নানাজনে নানা কারণ খুঁজেছে। এক পক্ষের যুক্তি ছিল, ডোপ-পরীক্ষা এড়াতেই থর্পের অকাল-অবসর। তবে সবচেয়ে গ্রহণযোগ্য কারণটি হলো, নিজের জীবনটাকে উপভোগ করতে না-পারা, কম বয়সেই অনন্ত চাপ নিয়ে জীবন কাটানো। এত দিন পর থর্প অবশ্য ইঙ্গিত করলেন পারিবারিক কারণের প্রতি। এই যে চারটি বছর সাঁতারের বাইরে কাটালেন, থর্প বলছেন এটা প্রয়োজন ছিল, ‘আমি উচ্ছ্বসিত। পুলের বাইরেও চারটি বছর আমি ভালোই ছিলাম। এই চারটি বছর আমার প্রয়োজন ছিল।’সুইমিংপুলে থর্পের সবচেয়ে প্রিয় ইভেন্ট ছিল ৪০০ মিটার ফ্রি-স্টাইল। এই ইভেন্টে কখনোই হারেননি তিনি। তবে ফিরলেও প্রিয় ৪০০ মিটারে অংশ নেবেন না। কারণ এর জন্য প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় তাঁর হাতে নেই। মাত্র ১৫ বছর বয়সে, ইতিহাসের সবচেয়ে কম বয়সী পুরুষ সাঁতারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থর্পের লক্ষ্য রিলে এবং ১০০ ও ২০০ মিটার ফ্রি-স্টাইল। বয়সটা এখন সেই চব্বিশেই থেমে নেই। সেটি বেড়ে ২৮। এএফপি।