আরও বড় সুখবর দিল হকির যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ। সৌজন্য ছবি
এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ। সৌজন্য ছবি

মালয়েশিয়ার কুয়েনতেন থেকে আবারও দারুণ এক সুসংবাদ এল। জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুব হকি দল।

অনূর্ধ্ব-২১ পর্যায়ের এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে খুব বড় স্বপ্ন দেখতে সাহস পায়নি বাংলাদেশ। কিন্তু প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে লড়াই করে নতুন করে আশা তৈরি করে হকির যুবারা। পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের ওই ম্যাচেও গর্ব করার মতো ছিল অনেক কিছুই। আগের ম্যাচে ওমানকে ৫-৪ গোলে হারানো বাংলাদেশ আজ দেশকে দিয়েছে আরেকটি বড় খবর।

আগাগোড়া ভালো খেলেই এই জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ দল। খেলার ২৫ মিনিটে মোহাম্মদ হোসেন সারোয়ারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের গোলটি আসে ৪৯ মিনিটে, মিলন হোসেনের স্টিক থেকে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশের কোচ মাহবুব হারুন শঙ্কিত ছিলেন দলের পারফরম্যান্স নিয়ে। সাম্প্রতিককালে হকি ফেডারেশনের নানা টানা পোড়েন যুব হকি দলের প্রস্তুতিতে যথেষ্ট বাধারই সৃষ্টি করেছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দারুণ সাফল্যই দেখিয়েছে মাহবুব হারুনের দল।

তিন ম্যাচে ৬ পয়েন্ট তুলে নেওয়া বাংলাদেশ দল এখন খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান অথবা মালয়েশিয়া। হারুনের আশা, এই তিন ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল পরের ম্যাচগুলোতে দল আরও ভালো খেলবে।