আবার সুয়ারেজের সামনে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই আধুনিক যুগে তুকতাকে কেউ কি আর বিশ্বাস করে? হোসে মরিনহোও নিশ্চয়ই করেন না। তবে এক দিনের জন্য হলেও কোনো তুকতাকের ব্যাপারে হয়তো ভাবছেন চেলসির কোচ। লুইস সুয়ারেজকে থামাতে হলে এখন এটা ছাড়া উপায় কী!

কথাটা অবশ্য মুখ ফুটে বলেননি। তবে যা বলেছেন তাতেই বোঝা যায় সুয়ারেজ না থাকলে কতটা নির্ভার হতেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের অমঙ্গল কামনা করা ফুটবল শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু সেই খেলোয়াড়টি যদি হন সুয়ারেজ, তখন মরিনহোও বলতে বাধ্য হন, ‘আশা করি সুয়ারেজ হালকা চোট পেয়েছে। আমি চাই না সে বড় চোটে পড়ুক, শুধু চাইছি হালকা একটা চোট, যাতে চার দিনের জন্য সে খেলতে না পারে।’

সন্দেহ নেই, এটা রসিকতা। কিন্তু হঠাৎই সুয়ারেজের ভাবনায় আকুল কেন চেলসি কোচ? কেননা আজই প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজের লিভারপুলের মুখোমুখি হচ্ছে চেলসি।

আজ স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটাকে আলাদা তাৎপর্য দিচ্ছে আট মাস আগের এক ঘটনা। অ্যানফিল্ডে সেদিনের ম্যাচটা ড্র হয়েছিল ২-২ গোলে, সুয়ারেজ গোলও করেছিলেন। কিন্তু অন্য একটা কলঙ্কিত ঘটনার জন্যই কেউ মনে রাখেনি গোলটা। চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দিয়ে দিয়েছিলেন। পরে ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও কাটিয়েছেন সুয়ারেজ। এ মৌসুমে লিগের প্রথম পাঁচটি ম্যাচ খেলতে পারেননি সে কারণেই।

নিন্দার নরক থেকে সুয়ারেজ এখন নন্দিত স্বর্গে। লিগে ১৩ ম্যাচে করেছেন লিগ সর্বোচ্চ ১৯ গোল। তাঁর সবচেয়ে কাছাকাছি থাকা ম্যানচেস্টার
সিটির সার্জিও আগুয়েরোর গোল ৬টি কম!

লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের জন্য যেটা ভরসা, মরিনহোর জন্য সেটাই অস্বস্তি। গোল নিয়ে রজার্সকে খুব একটা ভাবতে হচ্ছে না, অথচ চেলসি স্ট্রাইকাররা গোল করা যেন ভুলেই গেছেন। চেলসির তিন স্ট্রাইকার—ফার্নান্দো তোরেস, স্যামুয়েল ইতো ও ডেম্বা বার মিলিত গোল মাত্র ৫টি। মরিনহো তবু দলে স্ট্রাইকারদের অবদানটাকে খাটো করে দেখেন না, ‘তারা সব সময় দলকে কিছু না-কিছু দেয়। হ্যাঁ, গোল তারা খুব বেশি পাচ্ছে না। কিন্তু তারা খাটছে।’

লিভারপুলের অবশ্য কঠিন সময় যাচ্ছে এখন। আগের ম্যাচেই ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলে আজ চেলসির মুখোমুখি। রজার্স বললেন, ‘আমাদের জন্য এর চেয়ে কঠিন আর হতে পারত না। আমরা সম্ভবত লিগের সবচেয়ে শক্তিশালী দুই দলের সঙ্গে খেলছি।’

চেলসির জন টেরি আজ একটা মাইলফলক ছোঁবেন। রন হ্যারিস, পিটার বোনেত্তি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে চেলসির হয়ে ৬০০তম ম্যাচ খেলছেন ক্লাব অধিনায়ক। এএফপি।