আবার সেই কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারবার ফাইনাল থেকে খালি হাতে ফিরেছে তারা। এই নিয়ে পাঁচবার এবং টানা দ্বিতীয়বার সেমিফাইনাল থেকে ফিরল। তীরে গিয়ে তরী ডোবার কষ্টটা জার্মানদের চেয়ে ভালো আর কে জানে! কষ্টটা আরও একবার কালো ডানা মেলে ছেয়ে ফেলল বার্লিন, স্টুটগার্ট, হামবুর্গ, হ্যানোভারের মতো শহরগুলোকে। আরও একবার কান্নায় ভেঙে পড়ল জার্মানরা। কান্নাটা সবার হয়ে বড় সঠিকভাবে বলে দিয়েছে জার্মানির সবচেয়ে প্রচারিত পত্রিকা বিল্ড। পত্রিকাটির অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে ‘সব শেষ, শেষ হয়ে গেল। আমরা বাদ’। তারা লিখেছে, ‘শোকার্ত জার্মানি’। বিল্ডই লিখেছে, ‘পুরো জার্মানি এখন হতাশ। দেশের সব জায়গাতে এখন কান্নার স্রোত। এটা মেনে নিতে যতই কষ্ট হোক, পরাজয়ই প্রাপ্য ছিল আমাদের।’ হামবুর্গার আবেন্ডব্লাট পত্রিকা লিখেছে, ‘১-০। জার্মানি কাঁদল, স্পেন উঠে গেল’। ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমেইনি লিখেছে, ‘জার্মানির ফাইনালে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে দিল স্পেন’। বার্লিনের জনপ্রিয় ট্যাবলয়েড বিজেড লিখেছে, ‘তার পরও এটা একটা গ্রেট বিশ্বকাপ’।বার্লিনের ‘ভিক্টরি কলামের’ সামনে ‘ফ্যান মাইল’-এ দানবাকৃতির পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ মানুষ। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের বড় পর্দায় খেলা দেখেছে হাজার পঞ্চাশেক দর্শক। ইংল্যান্ড-আর্জেন্টিনাকে যেভাবে উড়িয়ে দিয়েছিল ফিলিপ লামের দল, তাতে এই দর্শকদের উৎসবে মেতে উঠতে কোনো সংকোচের কারণ ছিল না। ম্যাচজুড়ে উৎসব চলেছে, উল্লাস চলেছে। কিন্তু উৎসব-উল্লাস থামিয়ে দিল কার্লোস পুয়োলের গোল। আর রেফারির শেষ বাঁশি শ্মশানের নীরবতা নামিয়ে আনল সারা জার্মানিতে।ফ্যান মাইলে খেলা দেখে মাথা নিচু করে বেরোতে বেরোতে রোনাল্ড ফ্রিতশ্চ নামের এক জার্মান বলছিলেন, ‘জার্মানরা আগের মতো ভালো ছিল না। এমনিতে ওরা অনেক ভালো খেলে। কিন্তু আজ ওরা পারল না। আসলে ওরা বয়সে খুব ছোট তো। স্প্যানিশরাই ম্যাচে কর্তৃত্ব করল।’ফ্রিতশ্চের মতো সবাই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। ওই ফ্যান মাইলেই খেলা দেখা প্যাট্রিক ডেনকে যেমন বলছিলেন, ‘স্রেফ জঘন্য। স্পেন অনেক ভালো খেলেছে। আমার বলতে কষ্ট লাগছে, তবু এটাই সত্যি যে ওরা (জার্মানরা) দৌড়াতেই পারল না।’ ৩৬ বছর বয়সী গ্রিট হুয়েবেনার বলছিলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। খুবই হতাশ। বিপুল সংখ্যায় লোককে কান্নায় ভেঙে পড়তে দেখলাম।’ইউরি মেতিতসিন নামের ২৪ বছর বয়সী এক বিক্রয়কর্মীর আবার মনে হচ্ছে, এই পরাজয়টা প্রাপ্য ছিল না তাঁদের, ‘আমাদের এটা প্রাপ্য ছিল না। অন্তত অতিরিক্ত সময়ে যাওয়া উচিত ছিল আমাদের।’শোক কি শুধু জার্মানিতে? স্পেনেও শোক! পুরো স্পেন যখন ফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা মায়োরকার সৈকতে খেলা দেখতে ভিড় জমানো জার্মান পর্যটকেরা তখন শোকে পাথর। পাথর হয়ে গেছেন সেখানে বেড়াতে আসা ১৮ বছর বয়সী জুডিথ, ‘স্পেনের কাছে ২০০৮ ইউরোতে হারলাম। আবার এখন বিশ্বকাপে হারলাম। দুবার বড় বাড়াবাড়ি।’বাড়াবাড়ি হলে কী হবে, সময়টা যে স্পেনের! এএফপি, রয়টার্স।