আবার সেই জার্মানিতে রিয়াল
সর্বশেষ জার্মানি সফরটি রিয়াল মাদ্রিদের জন্য যন্ত্রণার কাঁটা হয়ে আছে। স্মৃতিটা টাটকাই, ঘটনাটা এ বছরেরই ১৭ এপ্রিলের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২-১ গোলে হেরে যায় রিয়াল। শেষ পর্যন্ত ওই হারই রিয়ালকে সেমিফাইনাল থেকেই ছিটকে দিতে রাখে মুখ্য ভূমিকা। কারণ, বার্নাব্যু ফিরতি লেগে ২-১ গোলে জিতলেও টাইব্রেকারে হেরে রিয়ালের দশম শিরোপা-স্বপ্ন গুঁড়িয়ে যায়।অনেকেই হয়তো বলতে চাইবেন, ওই সফরের সঙ্গে রিয়ালের আজকের জার্মান সফরের সম্পর্ক কী! এক অর্থে তা নেই। কারণ, বায়ার্ন নয়, রিয়ালের আজকের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষ ডর্টমুন্ডই বটে। কিন্তু আজ রিয়ালের সত্যিকারের প্রতিপক্ষ আসলে জার্মানির মাটি! একটা তথ্যেই এটা স্পষ্ট। জার্মানিতে জার্মানির কোনো দলের বিপক্ষে সর্বশেষ ২৩ ম্যাচের মধ্যে রিয়ালের জয় মাত্র এক ম্যাচে! রিয়ালের সেই জয়ের স্মৃতিতেও এক যুগের ধুলো। স্পেনের ক্লাবটি জার্মানিতে গিয়ে সর্বশেষ জিতেছিল ২০০০ সালে!এই ২৩ ম্যাচের ১৬টিতেই হার নিয়ে ফিরে আসার অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডও আজ নিশ্চয়ই তাতিয়ে রাখবে মরিনহোর শিষ্যদের। ডর্টমুন্ডের ইডুনা পার্কের পরিবেশটা অবশ্য উত্তপ্ত হয়ে আছে এমনিতেই। গত শনিবারই ডর্টমুন্ড-শালকের ডার্বিতে ভয়াবহ দর্শক হাঙ্গামা বেধে গিয়েছিল। যে ম্যাচের পর গ্রেপ্তার হয়েছেন ২০০ সমর্থক। এই ম্যাচের জন্য মুখিয়ে থাকবেন আরও একজন—মিচেল ল্যাঙ্গেরাক। ডর্টমুন্ডের গোলরক্ষক আছেন চ্যাম্পিয়নস লিগে অভিষেকের রোমাঞ্চকর অপেক্ষায়। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় অগ্নি-অভিষেকই হতে যাচ্ছে তাঁর। অভিষেকেই রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইনদের তোপ সামলানোটা নিশ্চিতভাবেই তাঁর জন্য হবে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা বড় করে তুলছে ডর্টমুন্ডের চোট শঙ্কাও। নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়ের খেলা নিয়ে সংশয়। চোটে জর্জর রিয়ালও। তবে মরিনহোর জন্য স্বস্তির তথ্য, স্পেনের কোনো দলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে জয় নেই ডর্টমুন্ডের।আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, এসি মিলানও। সিটির জন্যও আজ অগ্নিপরীক্ষা। লিগের পারফরম্যান্সটা কোনোভাবেই চ্যাম্পিয়নস লিগে টেনে আনতে পারছে না রবার্তো মানচিনির দল। গত মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া সিটির এবার দুই ম্যাচে পয়েন্ট মাত্র ১। আজ হারলেই বিদায় অনেকটা নিশ্চিত—এ অবস্থায় সিটি খেলবে আয়াক্সের মাঠে। মানচিনিকে একটু স্বস্তি দিতে পারে এই তথ্য, সিটি ডাচ কোনো দলের বিপক্ষে কখনো হারেনি! যদিও এই তথ্যের মধ্যে আছে শুভংকরের ফাঁকি। কারণ, ডাচ প্রতিপক্ষের সঙ্গে তারা খেলেছেই মাত্র তিন ম্যাচ, সেটিও টোয়েন্টে এনশেডের বিপক্ষে। আয়াক্স আর এনশেডেকে এক পাল্লায় মাপার মতো ভুল মানচিনি নিশ্চয়ই করবেন না।দুই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ শালকে জিরো ফোর, ইংল্যান্ডের কোনো ক্লাবের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে যাদের জয় নেই। গোল করতে পেরেছে মাত্র একটি। অন্যদিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে আর্সেনাল ১৬ ম্যাচ ধরে অপরাজিত। জিতেছে এর ১৪টিতেই। যদিও গত শনিবার ইংলিশ লিগে ২০ বছর পর নরউইচের কাছে হার আর্সেন ওয়েঙ্গারের দলকে অস্বস্তিতেই রেখেছে।এসি মিলানের অস্বস্তি আরও বড়। ইতালিয়ান লিগে তাদের অবস্থা একেবারেই যাচ্ছেতাই। লিগে ১৫ নম্বরে থাকা মিলান না এবার রেলিগেশনের খাঁড়ায় পড়ে—খোদ কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এমন শঙ্কা জানিয়েছেন। অবশ্য সেদিক দিয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে অনেক ভালো অবস্থায় সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। যদিও লাৎসিওর কাছে গত শনিবার হেরে মানসিকভাবে কোণঠাসা মিলান আজ খেলবে ‘সি’ গ্রুপের শীর্ষ দল মালাগার সঙ্গে। তা ছাড়া প্রথম দুই ম্যাচে জেতা মালাগা খেলবে নিজেদের মাঠে। এএফপি, রয়টার্স।এক নজরেপোর্তো-ডায়নামো কিয়েভডায়নামো জাগরেব-পিএসজিআর্সেনাল-শালকে মঁপেলিয়ে-অলিম্পিয়াকোসআয়াক্স-ম্যানচেস্টার সিটিবরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদজেনিত-আন্ডারলেখটমালাগা-এসি মিলান