আবার সেই ব্রাজিল-জার্মানি
নিয়তিই বোধ হয় ঠিক করে রেখেছিল মঞ্চটা। নইলে ‘মিনেইরাজো’র দুই বছর পর কেন আরেকটি ব্রাজিল-জার্মানি দ্বৈরথ ফিরে আসবে? তা-ও আবার সেই ব্রাজিলেই? ফাইনালটা মিনেইরোতে হলে ব্রাজিলের ৭-১ গোলের প্রতিশোধের মঞ্চটা পুরোপুরি সাজানো বলা যেত।
সেটা না হলেও আগামীকাল অলিম্পিকের ফাইনাল নিয়ে হইচই খুব একটা কমছে না। পরশু ব্রাজিল ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে হন্ডুরাসকে। নাইজেরিয়ার সঙ্গে জার্মানির জয়টা তত সহজে আসেনি, জার্মানি জিতেছে ২-০ গোলে। তবে ফাইনালটা আসলে হবে ব্রাজিলের রক্ষণ আর জার্মানির আক্রমণের। পুরো টুর্নামেন্টে ব্রাজিলের জালে একটি গোলও ঢোকেনি, আর জার্মানি মাত্র পাঁচ ম্যাচেই দিয়েছে ২২ গোল। ছয়টি করে গোল দিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা সার্জ নাবরি ও নিলস পিটারসেন দুজনই জার্মানির।
দুই দেশ আরও একটা জায়গাতেও একই সমতলে। অন্য সবকিছু পাওয়া হয়ে গেলেও ব্রাজিলের কাছে যেমন অলিম্পিকের সোনা অধরা, তেমনি ঐক্যবদ্ধ জার্মানিও তো সোনা জেতেনি কখনো। নিজেদের মাঠে ব্রাজিল সেই আক্ষেপ দূর করার এমন সুযোগ আর পাবে কি না সন্দেহ।
দুই বছর আগের সেই ম্যাচে এই জার্মানি দলের কেবল দুজনই ছিলেন। একজনের নামটা সবার জিবের গোড়াতেই থাকবে, ওই ফাইনালে নেইমার না থেকেও আসলে ছিলেন। বেঞ্চে বসে অসহায় দেখতে হয়েছে ব্রাজিলের বিপর্যয়। ম্যাথিয়াস জিন্টারও দলের জয় দেখেছেন বেঞ্চে বসেই, প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি। তবে জিন্টার মোটামুটি নিঃসংশয়, ওই স্মৃতিটা আর ফিরে আসবে না, ‘ওসব আসলে জীবনে একবারই হয়। ৭-১ গোলের ওই ম্যাচের পুনরাবৃত্তি আর কখনো হবে না।’
ব্রাজিল নিশ্চয়ই চাইবে ওই পরাজয়টা এবার সুদে-আসলে বুঝিয়ে দিতে! এএফপি।