শেখ জামালে কদিন আগেই ছিল ‘শিরোপা বিসর্জনের’ করুণ সুর, সেই দলেই এখন সুখের অবগাহন। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল তারা কাল মোহামেডানের বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ে। টানা চতুর্থ জয়ের তৃপ্তি ঘিরে রেখেছে গোটা শেখ জামাল শিবিরকে। এ কারণেই ক্লাব সভাপতি মনজুর কাদের ম্যাচ শেষে পকেট থেকে টাকার বান্ডিল বের করে দেন। ম্যানেজারকে নির্দেশ দেন, ‘ওদের ডিনারে নিয়ে যাও।’একটা সময় টানা তিনটি ম্যাচও হেরেছে জামাল, দলটার আত্মবিশ্বাস পৌঁছে গিয়েছিল তলানিতে। সেই দলটিই এখন বদলে গেছে। ফিরে এসেছে টিম স্পিরিট। খেলোয়াড়দের শরীরের ভাষায় জয়ের তাড়না। ‘আমরা করব জয়’ ধ্বনি। আর সেই আগুনে পুড়েই সাত ম্যাচ পর লিগে পরাজয়ের তেতো স্বাদ পেল মোহামেডান।শেষ ৩০ মিনিট মোহামেডান খেলেছে ১০ জন নিয়ে, পরাজয়ের বড় কারণ এটাই। শেখ জামাল গোলরক্ষক আমিনুল দুটি গোল খেলেও বাঁচিয়েছেন কয়েকটি। তবে ম্যাচের পর সবার মুখে একটাই কথা: ‘জিতেছে ফুটবল।’ অনেক দিন পর মোহামেডান গ্যালারির অনেকটা অংশ পরিপূর্ণ। মোহামেডান গত সাত ম্যাচে ১৫ পয়েন্ট পেয়েছে, মাঠে তাই দর্শকের শুভ আগমন। আবাহনী-মোহামেডান ভালো খেললে দর্শক মাঠে আসবেই। কালকের বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে যেন সেটিরই ঘোষণা থাকল।ম্যাচটাও হলো গতিময়, আকর্ষণীয় এবং অবশ্যই উপভোগ্য। তবে ম্যাচের পর যথারীতি নিরাপত্তাহীনতা। প্রচুর দর্শক মাঠে ঢুকে হইহল্লা করল। এসব যেন দেখার কেউই নেই।ম্যাচের প্রথম গোলটা ৫০ মিনিটে, পেনাল্টি থেকে শেখ জামালকে এগিয়ে নেন সিয়েরা লিওনের ডিফেন্ডার আহমেদ জাওয়াদ। ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান ৬০ মিনিটে খোঁড়া হয়ে গেল নাইজেরিয়ান ডিফেন্ডার নওবিকে হারিয়ে, দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখলেন তিনি। তাতে কী, ৬৪ মিনিটে মোবারকের কর্নারে মোহামেডানের অভিজ্ঞ রক্ষণসেনানী রজনী দুর্দান্ত হেডে করে দেন ১-১।শেষ পর্যন্ত মোহামেডান আর দাঁড়াতে পারেনি। লড়াইয়ে ক্ষান্তি দিয়ে গোল খেতে থাকল। শেখ জামালের আক্রমণের ধাক্কায় মোহামেডানের রক্ষণ হয়ে যায় বেসামাল। গোলরক্ষক টিটু আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু পতন ঠেকাতে পারেননি। ৭১ মিনিটে সবুজ, ৭৯ মিনিটে কেস্টার (পেনাল্টি থেকে) এবং ৮৭ মিনিটে সোহেল রানা গোল করে জামালকে আরও এগিয়ে দেন (৪-১)। শেষ মিনিটে মোবারকের দূরপাল্লার কোনাকুনি শটে ৪-২।১৬ ম্যাচে ২৪ পয়েন্ট শেখ জামালের। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মোহামেডান চার থেকে নেমেছে ছয়ে। সাদা-কালো শিবির তাই ডুবল বিষণ্নতায়।