আবার সেই স্বপ্নটার কথাই বললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারাগুয়ের বিপক্ষে গোল উদযাপনে মেসি। ছবি: রয়টার্স
প্যারাগুয়ের বিপক্ষে গোল উদযাপনে মেসি। ছবি: রয়টার্স

ফুটবল থেকে দুহাত ভরে পেয়েছেন। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে এখনো একটা স্বপ্নের পেছনে নিরন্তর ছুটে চলেছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে এত এত অর্জন, অথচ নিজ দেশের হয়ে বিশ্বকাপটাই যে জেতা হয়নি!
কথাটা বিভিন্ন সময়েই বলেছেন। আজ আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের টিকিট পাওয়ার পরও একই কথা বললেন বার্সা মহাতারকা, ‘আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। তবে এখনো আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’
কিছুদিন আগেও মেসিকে ঘিরে একটা বিতর্ক হতো। বার্সার হয়ে তিনি যতটা সফল, আর্জেন্টিনার হয়ে ঠিক ততটাই অসফল। গত এক বছরে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই ‘অপবাদ’ ঘুচিয়েছেন চারটি ব্যালন ডি’অরজয়ী এই খেলোয়াড়। আজ প্যারাগুয়ের বিপক্ষে ৫-২ গোলের জয়ের ম্যাচেও মেসি করলেন দুটি গোল। দুটোই পেনাল্টি থেকে যদিও।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের দলগুলোর মধ্যে সবার আগে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা। এটাকে স্বপ্ন পূরণের পথে বড় অর্জন হিসেবেই দেখছেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার, ‘আমরা যা চেয়েছি, তা পেয়েছি। এখানে খেলাটা কঠিন ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যত দ্রুত সম্ভব বিশ্বকাপের টিকিট পাওয়া। এভাবেই খেলে যেতে চাই আমরা। জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই।’
গণমাধ্যমের খবর, বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে মেসিকে না খেলাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছে বার্সেলোনা। বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় এখন এই দুটো ম্যাচ অতটা গুরুত্বপূর্ণ নয় আর্জেন্টিনার জন্য। তবে ছুটি চান না মেসি নিজে। দায়িত্ব পালন করতে চান জাতীয় দলের হয়েও, ‘ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না। আমি সব সময় আর্জেন্টিনার হয়ে খেলতে চাই।