আবার সেঞ্চুরি ধাওয়ানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান

মাত্র ৬৫ রানেই চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কোহলির দলকে রীতিমতো চেপেই ধরেছিল পুঁচকে জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিকদের প্রাথমিক সাফল্যটা ম্লান করে দিয়েছেন শিখর ধাওয়ান। আজ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। মাত্র ১৭টি ম্যাচ খেলেই তিনটি সেঞ্চুরি করলেন এই তরুণ বামহাতি ব্যাটসম্যান। তাঁর ক্যারিয়ারসেরা ১১৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত।

ধাওয়ানের সঙ্গে দিনেশ কার্তিকের পঞ্চম উইকেটের ১৬৭ রানের জুটিটাই পাল্টে দিয়েছে ম্যাচের গতিপ্রকৃতি। তার আগে মাত্র ৬৫ রানের মধ্যেই চারটি উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণভাবেই করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

দ্বিতীয় ওভারেই দলীয় ২ রানের মাথায় রোহিত শর্মাকে হারিয়ে ভারতের ধাক্কা খাওয়ার শুরু। ব্রায়ান ভিটোরি এর পর ফিরিয়েছেন গত ম্যাচে অভিষেকেই অপরাজিত ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলা আম্বাতি রাইডুকে। তবে এরই মাঝখানে কাইল জারভিস কাজের কাজ করেছেন ফর্মের তুঙ্গে থাকা ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে ১৪ রানে ফিরিয়ে দিয়ে। এর পরই রায়নার পতন জিম্বাবুয়েকে হয়তো একটি অঘটনের আশাই দেখিয়েছিল হারারেতে।

কিন্তু স্বাগতিকদের সেই আশা চুরমার করে দিয়েছেন ধাওয়ান আর কার্তিক। এই জুটিতে ভারত শুধু ঘুরেই দাঁড়ায়নি, পেয়েছে বেশ বড় সংগ্রহ। ৪৩তম ওভারে কার্তিক রানআউটের ফাঁদে না পড়লে ভারতের স্কোরটা হয়তো আরও বড় হতে পারত। সাজঘরে ফেরার আগে কার্তিকের ব্যাট থেকে এসেছে ৬৯ রান। পরের ওভারে ধাওয়ানও আউট হয়েছেন উতসেয়ার শিকার হয়ে। 

শেষ ৬ ওভারে ৫৭ রান তুলে ভারত ২৯৪ রানে পৌঁছায় মূলত বিনয় কুমারের কৃতিত্বে। ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসটি খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ভারত-জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে