আবার সেমিতে মুখোমুখি ফেদেরার-জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের মধ্যে তৃতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। গত আগস্টের টরোন্টো রজার্স কাপ ও ইউএস ওপেনের পর এবার তাঁরা মুখোমুখি হচ্ছেন সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে। আগের দুই সেমিফাইনালের ফলাফল ১-১। টরোন্টোতে জিতেছিলেন ফেদেরার, তবে নিউইয়র্কে শোধ তুলেছিলেন জোকোভিচ।কাল স্পেনের গিলের্মো গার্সিয়া লোপেজকে ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন বিশ্বের দুই নম্বর তারকা সার্বিয়ার জোকোভিচ। সুইডেনের রবিন সোদারলিংকে হারাতে ফেদেরারের সময় লেগেছে মাত্র ৫৩ মিনিট। সুইস তারকা জিতেছেন ৬-১, ৬-১ সেটে। অন্য সেমিফাইনালে বিশ্বের চার নম্বর তারকা অ্যান্ডি মারের মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মোনাকো। জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন ব্রিটেনের মারে। আর তৃতীয় রাউন্ডে রাফায়েল নাদালকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় আপসেট ঘটানো জার্গেন মেলজারকে ৬-৭, ৭-৫, ৬-২ সেটে হারিয়ে চমক দেখিয়েছেন মোনাকো। এএফপি।