আবার সেরা এনাইয়ামা
দুজন ম্যাচসেরা হয়েছেন গোল করে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিন গোলের পর গঞ্জালো হিগুয়েইনের ম্যাচসেরা হওয়াটা অনেকটা নিশ্চিতই ছিল। ফ্রান্সের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল না পাওয়া মেক্সিকোকে স্বস্তির প্রথম গোল এনে দিয়েছেন হাভিয়ের হার্নান্দেজ। এই দুজনের ঠিক উল্টো ভিনসেন্ট এনাইয়ামা। গোলের খেলা ফুটবলে নাইজেরিয়ার গোলকিপার টানা দ্বিতীয় ম্যাচে সেরা হলেন গোল ঠেকিয়ে এবং দুবারই দলের হারের পরও!প্রথম ম্যাচের মতো মেক্সিকোর হার্নান্দেজ পরশুও নেমেছিলেন বদলি হিসেবে। প্রথম মেক্সিকান হিসেবে গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো ২২ বছরের তরুণ পরশু ম্যাচসেরা হয়েছেন, তবে তাঁর রাতটা অন্য রকম ছিল ওই গোলটির কারণেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই ছুঁয়েছিলেন বাবাকে। বাবার নামও হাভিয়ের হার্নান্দেজ, মেক্সিকোর বর্তমান কোচ হাভিয়ের আগুরির সঙ্গে খেলেছেন ১৯৮৬ বিশ্বকাপে। প্রথম ম্যাচে বাবাকে ছোঁয়ার পর পরশু গোল করে ছুঁলেন বাবার বাবা, অর্থাৎ দাদাকেও। দাদা টমাস বালকাজার ১৯৫৪ বিশ্বকাপে গোল করেছিলেন এই ফ্রান্সের বিপক্ষেই। দাদার কীর্তির পুনরাবৃত্তির পর হার্নান্দেজের মনে পড়ছে দাদার কথাই, ‘ড্রেসিং রুমে ফিরেই আমার দাদুর কথা মনে পড়েছে। তাঁর সঙ্গে কথা বলার জন্য এখন তর সইছে না।’আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচের মতো পরশু গ্রিসের বিপক্ষে ঠিক নিখুঁত ছিলেন না এনাইয়ামা। গ্রিসকে জয় এনে দেওয়া দ্বিতীয় গোলটি তো হয়েছে তাঁর ভুলেই। তার পরও তিনি ম্যাচসেরা, কারণ ওই একটি মুহূর্ত ছাড়া বাকি সময়টায় তিনি ছিলেন অবিশ্বাস্য। দুটো লাল কার্ডে নয়জনে নেমে আসা নাইজেরিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে গ্রিস, কিন্তু ব্যবধানটা ২-১-এর চেয়ে বড় হয়নি এনাইয়ামা বাধার দেয়াল হয়ে দাঁড়ানোয়।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেসি-তেভেজ-ডি মারিয়ারা দুর্দান্ত খেলেছেন। তিনটি গোলের সময় ছাড়া হিগুয়েইনকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তিনটি গোল করা ফুটবলারকে উপেক্ষা করবেন কীভাবে! ম্যাচসেরা তাই হিগুয়েইনই।