আবার সৌরভ ছড়াচ্ছেন রোনি
বলকে যেন কথা বলাতে পারতেন। লিওনেল মেসির আগে বার্সেলোনার পাদপ্রদীপের সবটুকু জুড়েই তো ছিলেন রোনালদিনহো। কিন্তু হঠাৎ কী যে হলো, স্রেফ নিজের ছায়া হয়ে গেলেন। বার্সা থেকে এলেন এসি মিলানে, সেখানে বার কয়েক পুরোনো ঝলক দেখালেও নিজেকে হারিয়ে খোঁজাই সার হলো। এরপর পাড়ি জমালেন স্বদেশি ক্লাব ফ্লামেঙ্গোতে। তত দিনে তিনি চলে গিয়েছেন দৃষ্টির অন্তরালে। অনুশীলনে ভর করল আলস্য, উদ্দাম নৈশজীবনে হলেন আসক্ত। বুটজোড়ায় ধুলোই জমতে শুরু করেছিল প্রায়। কিন্তু মাস কয়েক আগে নতুন ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে এসে রোনালদিনহো দেখাচ্ছেন, তিনি ফুরিয়ে যাননি। মিনেইরোতে আসার পর অনেকেই টিপ্পনী কেটেছিল, কী হবে এই মরা হাতি পুষে? ক্লাব সভাপতি আলেজান্দ্রে কালিল তখন নিশ্চয়ই মুচকি হেসেছিলেন। পালমেইরাসকে টেক্কা দিয়ে ‘রোনিকে’ দলে টানার মধ্যে একটা দূরদৃষ্টি ছিল বেলো হরিজেন্তের এই ক্লাবের। সভাপতির আস্থার প্রতিদান দিতে যেন উদ্গ্রীবই ছিলেন এই ফুটবল জাদুকর। আগের সেই উচ্ছৃঙ্খলতা, খামখেয়ালিপনা ঝেড়ে ফেলে একেবারেই অন্যরূপে ধরা দিলেন রোনালদিনহো। একঝাঁক তারুণ্যদীপ্ত সতীর্থের যোগ্য পথিকৃৎ তিনি এখানে। নতুন ক্লাবটি ব্রাজিলের ব্যস্ত শহর রিও ডি জেনিরো, সাও পাওলো থেকে দূরে। এখানে ব্রাজিলিয়ান মিডিয়া ছোঁক ছোঁক করে না অহর্নিশ, নেই সেই মাতাল করা নৈশজীবনের মদির হাতছানিও। নিজেকে গুছিয়ে নেওয়ার সময়ও পেয়েছেন এন্তার। তাই নতুন মৌসুমের শুরু থেকে যেন আগের সেই রোনালদিনহোকেই দেখছে সবাই। এরই কল্যাণে কিনা তাঁর দল অ্যাটলেটিকো মিনেইরো এখন ব্রাজিলিয়ান লিগে সবার ওপরে।তিনটি গোল করে ও চারটি করিয়ে আক্রমণভাগের মিনেইরোর কান্ডারি হয়ে উঠেছেন ‘রোনি’। অথচ আগের মৌসুমে কী ভীষণ দুর্বিপাকেই না ছিল মিনেইরো! গত মৌসুমে লিগ শেষ করেছিল ১৫ নম্বরে থেকে। কোপা সুদামেরিকানাতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। সেটার অবশ্য কারণও ছিল, নিজেদের মাঠ ইনদিপেন্দেসিয়াতে এক বছর খেলতে পারেনি তারা। ঘরের মাঠের ম্যাচগুলো ৮০ কিলোমিটার দূরে গিয়ে খেলতে হয়েছে। পারফরম্যান্সেও ওটার প্রভাব পড়েছে। এবার আবার নিজেদের চিরচেনা স্টেডিয়ামে ফিরে এসেছে রোনালদিনহোর দল। নিজে সৌরভ ছড়াচ্ছেন, আর এটি সতীর্থদেরও সেরাটা আনছে বের করে। গোলবারে ভিক্টর আর রক্ষণে রিভার ও লিওনার্দো সিলভাকে নিয়ে দুর্গই গড়ে তুলেছে তারা। মিডফিল্ডে আছেন আরেক উদীয়মান তারকা বার্নার্ড। আর আক্রমণে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা জো তো রীতিমতো অপ্রতিরোধ্য। সেটির খানিকটা অবশ্য রোনালদিনহোর ডিফেন্সচেরা দুর্দান্ত পাসের কল্যাণেই। দলীয় শক্তির বিচারে অ্যাটলেটিকো মিনেইরো অসাধারণ কিছু নয়। নেইমারের সান্তোস, দামিয়াওদের ইন্টারন্যাসিওনালের মতো ক্লাবগুলোর ওপরই নজর ছিল সবার। অথচ মৌসুমের মাঝামাঝি এসে তারাই লিগের শীর্ষে। তাও আবার এক ম্যাচ হাতে রেখে তিন পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে। এখন তাদের সামনে লিগ তো বটেই, ২০০০ সালের পর প্রথমবারের মতো কোপা লিবার্তোদোরেসে খেলার হাতছানিও। অথচ গত মৌসুমে আরেকটু হলেই পড়তে হয়েছিল অবনমনের খড়্গে। প্রত্যাবর্তনটা তাই রাজসিকই হলো মিনেইরোর। রোনালদিনহোরও কি নয়? ইন্টারনেট।