আবার হকিতে নতুন অধিনায়ক
পাকিস্তান ক্রিকেট দলে কে কখন অধিনায়ক হবেন, তা খোদ ক্রিকেট-দেবতারও অজানা। প্রায় একই অবস্থা বাংলাদেশ হকি দলেও—একেক টুর্নামেন্টে পাওয়া যায় একেকজন অধিনায়ক। ধারাটা অব্যাহত রেখে গোলরক্ষক জাহিদ হোসেনকে অধিনায়ক করে ঘোষণা করা হলো বাংলাদেশের ১৬ সদস্যের এশিয়ান গেমসগামী দল।দলে সেই অর্থে কোনো চমক নেই। কোচ পিটার গেরহার্ডের সঙ্গে যে ১৮ জন জার্মানি-অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন, তাঁদের ১৩ জন সুযোগ পেয়েছেন। এঁদের সঙ্গে যোগ হয়েছেন দেশে অনুশীলন করা ৩ খেলোয়াড়। পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা এই খেলোয়াড়দের সমন্বয় করে কীভাবে দল ঘোষণা করা হলো, তার একটা ব্যাখ্যা দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান মামুন-উর-রশিদ ‘ওখান থেকে কোচ প্রতি ম্যাচের পর একটা রিপোর্ট দিতেন। আর এখানকার খেলোয়াড়দের তো আমরা দেখেছিই। দুইয়ে মিলিয়ে দল করেছি।’তবে মামুনকে বেশি কথা বলতে হলো অধিনায়ক নিয়ে। জাহিদের পক্ষে তাঁর যুক্তি, ‘ওর মধ্যে নেতৃত্বগুণ আছে। এশিয়ান গেমসের মতো বড় আসরে ও দলকে এক করে রাখতে পারবে।’ আর এসএ গেমসের অধিনায়ক মশিউর রহমান বিপ্লবকে ছেঁটে ফেলার যুক্তি, ‘বিপ্লব, জিমি ও চয়নকে আমরা একটু চাপমুক্ত রাখতে চেয়েছি।’শেষ পর্যন্ত অবশ্য মামুন মানছেন, বিপ্লবকে অধিনায়ক করার সিদ্ধান্তটাই ভুল ছিল, ‘ওর কমিটমেন্ট নিয়ে সমস্যা নেই। তবে নানা কারণেই ও দল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেনি। আসলে এত দিন কোচ নিজের মনমতো অধিনায়ক করতেন। এবার থেকেই নির্বাহী কমিটি অধিনায়ক নির্বাচনের কাজটা শুরু করল।’অধিনায়ক নির্বাহী কমিটি ঠিক করলেও মামুন পরোক্ষে বলেছেন দল ঠিক হয়েছে কোচেরই পছন্দে। কেননা কোচ গেরহার্ড আশ্বাস দিয়েছেন, এশিয়ান গেমসে ভালো ফল এনে দেবেন। সেটা এনে না দিতে পারলে কী হবে তার একটা ইঙ্গিতও দিয়ে দিলেন মামুন, ‘আমরা পেশাদার আচরণ করছি। কোচের ওপর খবরদারি করতে যাইনি। এশিয়া কাপ বাছাইপর্বের ব্যর্থতার পরও আমরা তার ওপর আস্থা রেখেছি। কারণ তিনি সব সময় বলে এসেছেন, এশিয়ান গেমসে ভালো ফল এনে দেবেন। সেটা না পারলে ফেডারেশন নিশ্চয়ই তার ব্যাপারে চিন্তা করবে।’‘ভালো ফল’টা কী, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা থাকছে। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান নির্বাচক বা সহকারী কোচ বরকতুল্লাহ চপল বলছেন, ‘ভালো ফল হবে টুর্নামেন্টে ষষ্ঠ হতে পারলে।’ কোচ নাকি বলেছেন, আরও ভালো করা সম্ভব!তবে বাস্তবতা মেনেই মামুন বলছেন, ‘ষষ্ঠ-সপ্তম হতে গেলেও হংকংকে হারাতে হবে। সেটাও কঠিন। আমাদের আপাতত লক্ষ্য হওয়া উচিত হংকংকে হারানো।’