আবার হাতে চোট জয়াবর্ধনের

আজ ৫০তম টি-টোয়েন্টি খেলতে নামার কথা তাঁর। কিন্তু কাল সন্ধ্যার কৃত্রিম আলোয় সম্ভাবনা রূপ নিয়েছে শঙ্কায়। ফিল্ডিং অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে মাহেলা জয়াবর্ধনেকে। সদ্য পুরোনো চোটের জায়গাতেই আবার লেগেছে নতুন করে। হাতে সেলাই পড়েছে তিনটি।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে নুয়ান প্রদীপের বলে স্লিপে মোহাম্মদ হাফিজের বলে ক্যাচ নিতে গিয়ে ফেটে যায় জয়াবর্ধনের বাঁ হাতের অনামিকা ও কনিষ্ঠার মাঝের জায়গা। তখনো সেলাই পড়েছিল হাতে। ওই সিরিজে আর স্লিপে ফিল্ডিং করেননি। বাংলাদেশে এসে অবশ্য দাঁড়িয়েছেন স্লিপে। কাল সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উঁচু ক্যাচ অনুশীলনে আবার আঘাত লেগে ফেটে যায় পুরোনো ক্ষতস্থানটাই। শ্রীলঙ্কার ম্যানেজার মাইকেল ডি সয়সা কাল রাতে জানালেন, সকালে অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে মাঠে নামার ব্যাপারে। দুবাই টেস্টে হাতে সেলাই পড়ার পরদিনই ব্যাট হাতে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ জয়াবর্ধনে মাঠে নামার ঝুঁকি নেবেন কি না, এটা অবশ্য একটা বড় প্রশ্ন।