আবার হার বাংলাদেশ 'এ' দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে হেরেই চলেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। দুটো পরাজয়ই অবশ্য ‘একটুর জন্য’র আক্ষেপ এনে দিয়েছে বাংলাদেশের দলটিকে।  হ্যাম্পশায়ারের সঙ্গে ৮ রানের পর গত রাতে ইয়র্কশায়ারের কাছেও মাত্র ৭ রানে হেরেছেন জহুরুল ইসলামরা।

এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়র্কশায়ার। স্বাগতিকদের শুরুটা ছিল হতাশার। ১১ রানের মধ্যে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। তবে এর পরই প্রতিরোধ গড়েন অ্যালেক্স লিস ও অ্যাডাম লিথ। তৃতীয় উইকেটে দলীয় সংগ্রহে ৮৮ রান যোগ করেন তাঁরা। লিস আউট হন ৩৯ রানে। লিথ করেন ৪৫ রান।

তাঁদের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে ইয়র্কশায়ার। শেষের দিকে লিয়াম প্লাংকেট ৪৭ রানের অপরাজিত ইনিংস খেললেও দলীয় সংগ্রহটা দু শর ঘর স্পর্শ করেনি। ৪৭.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় ইয়র্কশায়ার। বাংলাদেশ ‘এ’ দলের সফলতম বোলার ইলিয়াস সানি। ২৫ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন এই স্পিনার। দুটি করে উইকেট নেন রবিউল ইসলাম ও মমিনুল হক।

১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক একাই করেন ৬৯ রান। তাঁর ৯২ বলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে। তবে বাকিরা সেভাবে মেলে ধরতে পারেননি। গত ম্যাচের মতো এ ম্যাচেও লক্ষ্যের নিঃশ্বাস দূরত্বে গিয়ে গুটিয়ে যায় ইনিংস। ম্যাচে তখনো ৫.৫ ওভার বাকি। এনামুলের ৬৯ ছাড়া উল্লেখযোগ্য স্কোর বলতে মমিনুল হকের ৩১, রকিবুল হাসানের ২৪, ফরহাদ রেজার ২২ ও রবিউল ইসলামের ১৯ রান।

বাংলাদেশের ব্যাটিং অর্ডার তছনছ করে ৩০ রান খরচায় পাঁচটি উইকেট তুলে নেন অফস্পিনার আজিম রফিক। দুটি উইকেট নেন ইয়ান ওয়ার্ডলাও।

‘এ’ দলের পরবর্তী ম্যাচ কাল রোববার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। সূত্র: ক্রিকইনফো।