আবার হারল ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহটা দুই মিলানের জন্য কাটল একেবারেই দুরকম। রোববার জুভেন্টাসকে হারিয়েছিল এসি মিলান (১-০)। পরদিন পারমার কাছে ইন্টার হেরেছে একই ব্যবধানে। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন ইন্টার। হার, ড্র, হার—আন্তনিও স্ত্রামাচ্চিওনির দল পয়েন্ট তালিকায় তিন থেকে নেমে গেছে চারে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের তুলে এনেছে নাপোলি। ক্যালিয়ারির বিপক্ষে তারাও জিতেছে ১-০ ব্যবধানে।ইন্টারে চলছে একটা অস্থিরতা। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন ওয়েসলি স্নাইডার। কিন্তু ইন্টার জানিয়েছিল চুক্তি রদবদল করার আগ পর্যন্ত মাঠে নামতে পারবেন না এই প্লেমেকার। সে অনুযায়ী মাঠে নামেনওনি। নিষেধাজ্ঞার কবলে কাসানো। সবকিছু মিলে ভালো অবস্থায় ছিল না ইন্টার। সময়টা খারাপ যাওয়ার এটাই বড় কারণ।দ্বিতীয়ার্ধে পারমার ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা সানসোনের গোলেই কপাল পোড়ে ইন্টারের। কোচ স্ত্রামাচ্চিওনির কণ্ঠে তাই হতাশা, ‘এটা ছিল পুরো মৌসুমে দ্বিতীয়ার্ধে আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। সাধারণত বিরতির পর আমরা আরও ভালো খেলি, কিন্তু আজ রাতে সেটা হয়নি।’ সব দায়িত্ব নিজের ঘাড়ে টেনে নিচ্ছেন এই ইতালিয়ান কোচ, ‘এ নিয়ে তিন ম্যাচে আমরা মাত্র এক পয়েন্ট পেলাম। আমরা কিছুটা ক্ষুব্ধও। কিন্তু এটা কারও ব্যক্তিগত সমস্যা নয়। এটা আমারই ভুল।’ রয়টার্স।