আবার হারলেন মুশফিকরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিককে আউট করে নাসিরের দলের উল্লাস। আজ বলে-ব্যাটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই সিরিজ জিতিয়ে দিলেন নাসির: শামসুল হক
মুশফিককে আউট করে নাসিরের দলের উল্লাস। আজ বলে-ব্যাটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই সিরিজ জিতিয়ে দিলেন নাসির: শামসুল হক

বলা হচ্ছে প্রস্তুতি ম্যাচ। বলতে পারেন প্রীতি ম্যাচও। তবে হালকাভাবে দেখার সুযোগ নেই। বরং বাংলাদেশ জাতীয় দল বনাম ‘এ’ দলের তিন ম্যাচ সিরিজের প্রথম দুটো ম্যাচই বড় এক বার্তা হয়ে এল মুশফিকদের জন্য। পর পর দুটো ‘প্রীতি’ ম্যাচ হেরে এখন অপ্রীতিকর অবস্থায় মুশফিকরা! সিরিজে পরাজয় তো হয়েই গেছে, এখন তাঁরা রীতিমতো ধবলধোলাইয়ের লজ্জার সামনে!

গতকালের মতো আজও শেরে বাংলা স্টেডিয়ামে নাসির হোসেনের ‘এ’ দলের হার মানতে হলো মুশফিকের দলকে। কাল ১২ রানে জেতা নাসিরের দল আজ ৬ উইকেট আর ৯ বল বাকি থাকতেই ছুঁয়েছে ১৬৮ রানের লক্ষ্য। বলা যায়, এক নাসিরের কাছেই হেরেছেন মুশফিকরা। বল হাতে ২১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এরপর নাসির ব্যাট হাতে রীতিমতো কচুকাটা করেছেন জাতীয় দলের বোলারদের। ৩১ বলে করেছেন ৬২ রান। এর মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ৪৬ রান (৭টি চার, ৩টি ছক্কা)!

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতে পর পর দুই ওভারে রুবেল হোসেনের জোড়া আঘাতে ‘এ’ দলের দুই ওপেনার ইমরুল কায়েস (১৬) ও জরুহুল ইসলাম (৬) ফিরে যাওয়ায় বেশ বিপাকেই পড়ে ‘এ’ দল। এরপর দলকে পথ দেখান মিঠুন আলী (৩৭) ও মমিনুল হক (২৪)। এই দুজনের তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি ভাঙেন মাশরাফি বিন মুর্তজা। দলীয় ৮৪ রানের মাথায় মমিনুলকে ফেরান তিনি। কিছুক্ষণ পর আল আমিনের শিকার হয়ে ফেরেন মিঠুন আলীও।

১০ ওভারে ২ উইকেটে ৮৪ রান তুলে ফেলা ‘এ’ দলের জন্য এটি ছিল ক্ষণিকের আঘাতমাত্র। এরপর জাতীয় দলের বোলারদের কড়া শাসনে নাসির দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সাব্বির রহমানের সঙ্গে গড়ে তোলা অবিচ্ছিন্ন পঞ্চম জুটিতে আসে ৭৯ রান। সোহাগ গাজীর করা ১৬তম ওভারেই আসে ২২ রান। সাব্বির অপরাজিত ছিলেন ১৫ রানে।  

টসে হেরে ব্যাটিং করতে নেমে জাতীয় দল ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৬৭ রান। জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ করেছেন এনামুল হক। ১৮ বলের ঝোড়ো ইনিংসটায় ছয়টি চার ও একটি ছক্কাও আছে। ৩৮ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়ক মুশফিকুর করেছেন ৩৬। ২১ রান এসেছেন জিয়াউর রহমানের ব্যাট থেকে।

বল হাতেও নাসিরই সবচেয়ে সফল। আরাফাত সানিরও দুই উইকেট, তবে দিয়েছেন ৪২ রান। ফরহাদ রেজা ও ইলিয়াস সানি নিয়েছেন একটি করে উইকেট। বাকি তিনটি উইকেটই পড়েছে রানআউটের খাড়ায়।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় জাতীয় দল। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। এনামুল হককে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম। ফরহাদ রেজার বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন এনামুল।  জাতীয় দলের অধিনায়ক মুশফিকের হন্তারক ওই ‘এ’ দলের অধিনায়ক নাসিরই। নাসিরের বলে উইকেটরক্ষক মিঠুন আলীর গ্লাভসে ক্যাচ দেয়ার আগে মুশফিক করেন ৩৬ রান। মাহমুদউল্লাহর অপরাজিত ৩৮ রানের সুবাদে জাতীয় দলের শেষমেশ সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৬৭। জাতীয় দলের ইনিংসটি ভদ্রস্থ হলেও জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, সেটিই প্রমাণ করে দিলেন নাসির।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১৪ ডিসেম্বর।