ঠিক যেন গত রোববারের নাটকেরই পুনর্মঞ্চায়ন। পার্থক্য কেবল, এবার চিত্রনাট্যে মালমসলা একটু বেশি যোগ হলো। মালাগার বিপক্ষে ফ্রিকিক থেকে অন্তিম মুহূর্তে গোল খেয়ে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। এবারও শেষ দিকে মার্কোস সেনার ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে হজম করতে হলো গোল। রোনালদোর গোলে এগিয়ে গিয়েও আবারো ১-১ ড্রয়ে দুই পয়েন্ট হারাল রিয়াল। বার্সার সঙ্গে ব্যবধান কমে দাঁড়াল ছয়ে। স্প্যানিশ লিগ শেষ অঙ্কে এসে দিল নাটক জমিয়ে তোলার ইঙ্গিত। কারণ, এ ম্যাচে সার্জিও রামোস, মেসুত ওজিল, কোচ হোসে মরিনহো তাঁর দুই সহকারীকে নিয়ে লাল কার্ড দেখায় আগামী ম্যাচেও সমস্যা হবে রিয়ালের।মালাগা তবু পাঁচ নম্বর দল, ভিয়ারিয়াল কিন্তু অবনমন অঞ্চলের ঠিক ওপরে। একের পর এক ব্যর্থতায় কোচ ছাঁটাইয়ের পালাবদলে এই ম্যাচেই দায়িত্ব নিয়েছিলেন মিগুয়েল অ্যাঞ্জেল লোতিনা। প্রথম ম্যাচেই মহাশক্তিধর রিয়ালের বিপক্ষে এনে দিলেন ড্র। লিগে টানা ২২ ম্যাচের ২১টিই জিতে শিরোপার দৌড় থেকে বার্সেলোনাকে প্রায় ছিটকেই দিয়েছিল। দুই ম্যাচে চার পয়েন্ট হারিয়ে রংটাই পাল্টে গেল। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭২, বার্সার ৬৬। এর মধ্যে নিজেদের মাঠে একটি এল ক্লাসিকোর সুবিধাও পাবে বার্সা। এল ক্লাসিকোতে বার্সার যা দাপট, তাতে ব্যবধানটি ‘তিন পয়েন্টে’র ভেবেও মানসিক সুবিধা পেতে পারে পেপ গার্দিওলার দল।শেষ পর্যন্ত রাতটি হতাশাতেই কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। আগের রাতে লিওনেল মেসি রেকর্ড গড়ার পথে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে গিয়েছিলেন। ৬২ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করে সেই ব্যবধান কমান রোনালদো। মেসির গোল এখন ৩৪, রোনালদোর ৩৩। এএফপি, রয়টার্স।রিয়ালের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে সার্জিও রামোস আর সরাসরি মেসুত ওজিল। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আগামী ম্যাচেও পাবে না রিয়াল। মেজাজ হারানো হোসে মরিনহোও ডাগআউট থেকে বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত হয়েছেন তাঁর দুই সহকারীও। ক্ষোভে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসেননি। রিয়ালের প্রতিনিধি হিসেবে আসা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো মরিনহোর হয়ে একগাদা ক্ষোভ উগরে দিয়েছেন রেফারির বিরুদ্ধে।