আবার ‘ড্যাডির’ সঙ্গে এসিয়েন
দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে রোমাঞ্চিত মাইকেল এসিয়েন। বাবার কোচিংয়ে আবার খেলার জন্য তর সইছে না এই মিডফিল্ডারের। বাবা, কোচিং...নিশ্চয়ই খটকা লাগছে! এই ‘বাবা’ এসিয়েনের জন্মদাতা নন, তবে তারকা এসিয়েনের জন্ম তাঁর হাত ধরেই। হোসে মরিনহোকে তাই ‘ড্যাডি’ বলেই ডাকেন এসিয়েন। এক বছরের জন্য ধারে রিয়াল মাদ্রিদে এসে ঘানাইয়ান মিডফিল্ডার সবচেয়ে বড় প্রাপ্তি মানছেন এটিকেই, ড্যাডির সঙ্গে আবার কাজ করার সুযোগ!২০০৫ সালে ফ্রেঞ্চ ক্লাব লিওঁ থেকে এসিয়েনকে চেলসিতে এনেছিলেন মরিনহো। প্রায় অখ্যাত এক তরুণের বিশ্বমানের মিডফিল্ডার হয়ে ওঠা মরিনহোর কোচিংয়েই। গুরু-শিষ্যের প্রথাগত সম্পর্ক ছাপিয়ে দুজনের সম্পর্কটা ছিল তাই আরও গভীর। মরিনহো ২০০৭ সালে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়েছেন, তবে এসিয়েন ছিলেন চেলসিতেই। ক্লাবের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবার ট্রান্সফার জানালা বন্ধ হওয়ার আগের মুহূর্তে চেলসি থেকে এক বছরের জন্য ধারে প্রিয় শিষ্যকে বার্নাব্যুতে এনেছেন মরিনহো।শনিবারই মেডিকেল শেষে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। ২৯ বছর বয়সী মিডফিল্ডার জানালেন, শেষ মুহূর্তে প্রস্তাবটা এলেও সিদ্ধান্ত নিতে এতটুকুও ভাবতে হয়নি, ‘গতকাল (শুক্রবার) আমি হোটেল রুমে ছিলাম, হঠাৎই ড্যাডির ফোন। জিজ্ঞাসা করলেন, আমি মাদ্রিদে যেতে রাজি কি না। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল, তবে আমি দারুণ খুশি। আমি তাঁকে ড্যাডি বলে ডাকি, কারণ তাঁকে আমি বাবার মতোই দেখি। তিনিই আমাকে চেলসিতে এনেছিলেন, আমাদের সম্পর্ক দারুণ। আমাকে খুব ভালো বোঝেন, আমিও তাঁকে পুরোপুরি বুঝতে পারি।’সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছিল না এসিয়েনের। লড়াই করতে হচ্ছিল পিছু না-ছাড়া চোটের সঙ্গে। তবে এসিয়েন জানালেন, এখন তিনি পুরোপুরি ফিট, ‘চোটসমস্যা কিছু ছিল, কিন্তু ওসব এখন অতীত। চেলসির হয়ে প্রাক-মৌসুমটা দারুণ কেটেছে, এখন আমি খেলার জন্য প্রস্তুত ও পুরোপুরি ফিট। না হলে রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই আমাকে দলে টানত না।’কাল রাতেই এসিয়েনের লা লিগা অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রানাডার বিপক্ষে রিয়ালের স্কোয়াডে তাঁকে রাখেননি মরিনহো। ওয়েবসাইট।