আবার 'সেই' পাকিস্তানই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক ম্যাচেই ২৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বিলাওয়াল ভাট্টি
অভিষেক ম্যাচেই ২৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বিলাওয়াল ভাট্টি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই কদিন আগে নাস্তানাবুদ হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে পাকিস্তান অবশ্য অন্য রকম লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সেই প্রতিশ্রুতি পূরণের পূর্বাভাসও মিলছিল। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে আবার সেই পাকিস্তানই। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২১৮-এর বেশি তুলতে পারেনি মিসবাহ-উল হকের দল। অবশ্য ৬২ রানে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়েছে পাকিস্তানের বোলাররা।
শুরুটা খুবই ধীরগতিতে করেছিল পাকিস্তান। স্কোর বোর্ডে ১০০ রান জমা হয়েছিল ৩০ ওভার পরে। শেষ পর্যায়ে ঝোড়ো ব্যাটিং করে পাকিস্তানকে লড়াইয়ের কিছুটা পুঁজি এনে দিয়েছেন দুই অভিষিক্ত আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি। সঙ্গে ছিলেন অভিজ্ঞ শহীদ আফ্রিদিও। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আনোয়ার। ২৫ বলে ৩৯ রান করেছেন বিলাওয়াল। আফ্রিদির ব্যাট থেকে এসেছে ২৬ রান।
জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম চার ওভারের মধ্যেই হারিয়েছে দুই ওপেনার হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের উইকেট। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছিলেন কুইনটন ডি কক ও জ্যাক ক্যালিস। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলেই ডি কককে আউট করে স্বাগতিকদের চাপের মুখে ফেলে দিয়েছেন ডান হাতি পেসার বিলাওয়াল।
এ প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭১ রান। অবশ্য ১৯ মাস পর ওয়ানডে খেলতে নামা ক্যালিস ৩৯ বলে ৩০ রানে অপরাজিত। দীর্ঘ অনুপস্থিতির ছাপ নেই এই সিরিজেই দলে ফেরা ক্যালিসের।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকে বেশ ভালোই ভুগতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। দুই প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও মরনে মরকেলের দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা ঘুরাতে রীতিমতো হিমশিম খেয়েছেন নাসির জামশেদ ও আহমেদ শেহজাদরা। ওপেনার শেহজাদ ৩৫ রান করেছেন ৭০ বল খেলে। ৪৬ বলে ২৪ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার নাসির। ১০ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন স্টেইন। মরকেলও তিন উইকেট পেয়েছেন ৩৯ রান দিয়ে। আর দীর্ঘদিন পর এক দিনের ক্রিকেট খেলতে নেমে বল হাতে দুটি উইকেট নিয়েছেন জ্যাক ক্যালিস।