আবারও আবাহনীর শাখাওয়াত-ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচে ৪ গোল। খুব কি বড় কিছু?শাখাওয়াত রনি শুনলে রাগই করবেন। ঘরোয়া ফুটবলে স্ট্রাইকাররা যেখানে গোলই পান না, আবাহনীর এই স্ট্রাইকার সেখানে ব্যতিক্রম। টানা দুই ম্যাচে ২ গোল করে করলেন। মোহামেডানের বিপক্ষে ২ গোলের পর কাল বিজেএমসি ম্যাচেও ২ গোল। শাখাওয়াত-রথে চড়ে আরেকটি বাধা পার আবাহনীর (৩-১)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসি শুরুটা করেছিল ভালোই। কিন্তু রক্ষণটা জমাট রাখতে পারেনি। সেই সুযোগটাই নিয়েছে আবাহনী। নিজেরা মাঠে ছিল ইতিবাচক। বিজেএমসি মানসিকভাবেই বেশ পিছিয়ে। দলের অভ্যন্তরে নানা সমস্যা। হতে পারে তারও খেসারত এই হার। ৩৩ মিনিটে রক্ষণের ভুলে প্রথম গোলটা খায় বিজেএমসি। বাঁ দিক থেকে তৌহিদের ক্রসে শাখাওয়াতের দারুণ হেডে লক্ষ্যভেদ। গোলরক্ষক আমিনুলের কিছুই করার ছিল না। ৫২ মিনিটে প্রাণতোষের শট রক্ষণে এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে। আমিনুল বলটা দেখতেই পারেননি। ৭৩ মিনিটে আবাহনী শেষ গোলটাও পেয়েছে বিজেএমসির রক্ষণদুর্বলতায়। আতিকুরের স্কয়ার পাসে অরক্ষিত শাখাওয়াতের শটে লক্ষ্যভেদ। ৬৫ মিনিটে কিংসলের গোলে বিজেএমসি ম্যাচে ফেরার একটা সম্ভাবনা জাগায়। ডান প্রান্ত থেকে বাঙ্গুরার ক্রসে কিংসলের হেড আবাহনীর জালে।ইরানি কোচ আরদেশির পোরনেমাত দায়িত্ব নেওয়ার পর আবাহনীর খেলা ক্রমেই ভালো হচ্ছে। আরদেশির প্রশিক্ষণে আবাহনীর খেলার ধরন হলো, বল নিয়ন্ত্রণে রেখে দ্রুত প্রতি-আক্রমণে ওঠা। ম্যাচ পর্যবেক্ষণও বেশ ভালো পোরনেমাতের। উইং ব্যবহার করেন বেশি। একেক ম্যাচে একেক পরিকল্পনা নিয়ে নামেন। ম্যাচের আগে সেভাবেই দলটাকে তৈরি করেন। তাই আবাহনীর খেলায় একটা নতুন ছন্দ তৈরি হচ্ছে। দিন যত যাবে, আবাহনী আরও ভালো খেলবে বলে আশাবাদ পোরনেমাতের। শেখ রাসেলের কাছে হারের পর টানা দুই জয়ে আকাশি-নীলদের পয়েন্ট এখন ৭ ম্যাচে ১৬। এক ম্যাচ কম খেলে শেখ জামালও সমান ১৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিজেএমসি ষষ্ঠ স্থানে। ম্যাচে ২ গোল করা শাখাওয়াত বেশ খুশি। জাতীয় দলের সম্ভাব্য ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁর প্রথম গোলটা দেখেননি। তবে দ্বিতীয়টি দেখেছেন। ডি ক্রুইফ জাতীয় দলের দায়িত্ব নিলে শাখাওয়াতের কথাটা তাঁর মনে হয়তো থাকবে।