আবারও আর্জেন্টিনা-ইতালি প্রীতি ম্যাচ

ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইতালি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০১ সালে। সেটা ছিল প্রীতি ম্যাচ। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা, কাকতালীয়ভাবে এটিও একটি প্রীতি ম্যাচ। ইতালি ফুটবল ফেডারেশন গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট, ইতালির রোমে। এবারের ম্যাচটা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। কারণ, এটি উত্সর্গ করা হবে পোপ ফ্রান্সিসকে। আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত। পরিসংখ্যানের আলোয় আলোকিত ইতালি। এ পর্যন্ত ১৩টি ম্যাচে আর্জেন্টাইনদের মুখোমুখি হয়েছে ইতালীয়রা। এর মধ্যে ইতালি জিতেছে ছয়বার, আর্জেন্টিনা দুইবার। পাঁচটি ম্যাচ ড্র হয়। দুদলের সর্বশেষ লড়াইয়ের দিক থেকে অবশ্য এগিয়ে আর্জেন্টিনাই। সর্বশেষ দুই লড়াইয়ের দুটিতেই জেতে আর্জেন্টিনা। ২০০১ সালে ইতালির মাটিতে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয় পায় আর্জেন্টাইনরা। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ডিয়েগো ম্যারাডোনার দল। সেটাও ছিল ইতালির মাটিতেই। এখন দেখার অপেক্ষা, এক যুগ পর শেষ হাসি হাসে কোন দল, লিওনেল মেসির আর্জেন্টিনা, নাকি মারিও বালোতেল্লির ইতালি। সূত্র: ওয়াশিংটন পোস্ট।