আবারও আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে ম্যারাডোনা। আবেগময় বর্ণিল এক চরিত্র। যাঁর প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তিই খবর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সদ্য সাবেক হয়ে যাওয়া কোচ ডিয়েগো ম্যারাডোনা আরেকবার খবর হলেন, পুনরায় জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চেয়ে। ম্যারাডোনার এ আকাঙ্ক্ষায় রীতিমতো বিপাকেই পড়ে গেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের পর সবার শত অনুরোধেও কাজ হয়নি। অভিমান করে, জুলিও গ্রন্দোনা ও কার্লোস বিলার্দোকে ‘মিথ্যাবাদী’, ‘ওয়াদা বরখেলাপকারী’ ইত্যাদি বলে জাতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিয়েছিলেন তিনি। নতুন ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তা যখন সাময়িকভাবে দলের দায়িত্ব নিয়ে আয়ারল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি দুর্দান্ত জয় এনে দিয়েছেন, দলের নিয়মিত কোচ হওয়াটাও যখন একপ্রকার নিশ্চিত, ঠিক তখনই ম্যারাডোনা জানিয়েছেন, তিনি আবার আর্জেন্টিনার দায়িত্ব নিতে চান। শুধু তা-ই নয়, পুনরায় আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার জন্য তিনি নিজের জীবন পর্যন্ত দিতে পারেন! তিনি আরও বলেছেন, তাঁর হারানো সাম্রাজ্য ফিরে পেতে চান। তিনি চান কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হারার প্রতিশোধ নিতে।আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো জনসমক্ষে এসে এ ঘোষণা দিলেন ম্যারাডোনা। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে আর্জেন্টাইন এই কিংবদন্তি বলেছেন, ‘আমি প্রতিশোধের জন্য মরিয়া হয়ে আছি। জাতীয় দলের কোচের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য আমি জীবনও দিতে পারি। আমার মনে হয় আমার এখনো সুযোগ আছে।’সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্টর কিচনারের সঙ্গে দেখা করেছিলেন ম্যারাডোনা এবং তাঁর পেছনে প্রেসিডেন্টের সমর্থন আছে জানিয়ে তিনি বলেছেন, ‘কিচনার আমাকে জানিয়েছেন, তিনি আর ক্রিস্টিনা আবার আমাকেই জাতীয় দলের কোচ হিসেবে চান। কিন্তু আমার চুক্তি নবায়নের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’—রয়টার্স