ইংল্যান্ড সফরে এ অধ্যায়টি নিয়ে শঙ্কা ছিল সবচেয়ে বেশি। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারানোর ছিল সামান্যই। কিন্তু আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের বিপক্ষে তো বাংলাদেশই ফেবারিট! আর ফেবারিটের তকমাটা কীভাবে বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে ওঠে, এর নজির তো অতীতে বেশ কয়েকবারই দেখা গেছে। তা ছাড়া বল একটু এদিক-ওদিক করলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা অকুল পাথারে পড়ে যান। আয়ারল্যান্ড-স্কটল্যান্ডকে নিয়েই তাই ছিল মূল শঙ্কা।বেলফাস্টের স্টরমন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই কাল সেই শঙ্কা ‘সাফল্যের’ সঙ্গে প্রমাণ করল বাংলাদেশ। ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি থাকার পরও টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ করতে পারল মাত্র ২৩৪। বোলাররাও ব্যাটসম্যানদের পথে হাঁটায় এই রানটা আইরিশরা হেসে-খেলেই তাড়া করে জিতল ৭ উইকেটে। বৃথা গেল জুনায়েদ সিদ্দিকের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা। আইরিশদের বিপক্ষে এই নিয়ে দেশের বাইরে দুটি ওয়ানডে খেলে দুটিই হারল বাংলাদেশ, জিতেছে দেশের মাটিতে খেলা তিনটি ম্যাচ। একই ভেন্যুতে আজ সিরিজ হারের লজ্জা বাঁচানোর লড়াইয়ে নামছেন মাশরাফিরা।বাংলাদেশের মাঝারি মানের সংগ্রহটাকে মামুলি বানিয়ে ফেলার কাজটা অনেকটাই করেছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার। মাত্র ১৯.৪ ওভারে ১১৮ রানের জুটি গড়েছেন উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টারলিং। এই জুটিটা ভাঙার পর বাংলাদেশ যদি ম্যাচে ফেরার সামান্যতম আশাও করে থাকে, অ্যালেক্স কুসাককে নিয়ে তা নির্মমভাবে পিষে ফেলেছেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করা পোর্টারফিল্ড যখন আউট হলেন, জয় তখন ঢিল ছোড়া দূরত্বে। সাতটি চারের পাশাপাশি এই বাঁহাতি ছয় মেরেছেন তিনটি। এর দুটিই রুবেল হোসেনকে—একটি হুক করে মিড উইকেট দিয়ে, আরেকটি বোলারের মাথার ওপর দিয়ে। লং অফ দিয়ে বাকি ছয়টির শিকার সাকিব আল হাসান। ১৯ বছর বয়সী স্টারলিং ৫২ রান করে বোল্ড হয়েছেন আবদুর রাজ্জাকের বলে।এই স্টারলিং এর আগে বল হাতেও ভুগিয়েছেন বাংলাদেশকে। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলা বাংলাদেশকে টেনে তুলছিলেন জুনায়েদ-সাকিব। সাকিবকে আউট করে দুজনের ১০৭ রানের জুটিটা ভেঙেছেন স্টারলিংই, পরে পরে তাঁর অফ ব্রেকের শিকার কিছুদিনে হঠাৎ করেই নিজেকে হারিয়ে ফেলা মাহমুদউল্লাহও। সাকিব আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসটাকে একাই অনেকক্ষণ টেনেছেন গত এশিয়া কাপ থেকেই ওয়ানডেতে রানের মাঝে থাকা জুনায়েদ।এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৭ রান করে শোয়েব আখতারের বলে ফিরতি ক্যাচ হওয়ার পর অনেকক্ষণ উইকেটে দাঁড়িয়ে ছিলেন জুনায়েদ, হয়তো প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা মুঠো থেকে ফেলে দেওয়ার আফসোসে পুড়ছিলেন। আক্ষেপটা ঘোচাতে সময় বেশি নিলেন না। দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েস আউট হওয়ার পর নেমেছিলেন, আউট হয়েছেন ৪৬তম ওভারে। ৬৬ বলে ফিফটির পর সেঞ্চুরি পূর্ণ করেছেন ১২১ বলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোখে আঘাত লাগার পর থেকেই মাঠের বাইরে থাকা মুশফিক কাল একাদশে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুলের জায়গায়। তবে খেলেছেন নিখাদ ব্যাটসম্যান হিসেবে, উইকেটের পেছনে দাঁড়িয়েছেন জহুরুল। জুনায়েদের সঙ্গে ৩২ রানের জুটি গড়লেও মুশফিক করতে পেরেছেন মাত্র ৯।জানুয়ারিতে ঢাকায় ভারতের বিপক্ষে ৮৫ রান করার ১২ ম্যাচ পর আবার ওয়ানডেতে ফিফটি পেলেন সদ্য সাবেক অধিনায়ক সাকিব। তবে ৫০ করার পরই আউট হয়েছেন ছয় মারতে গিয়ে। ৪৭তম ওভারে অ্যালেক্স কুসাকের বলে টানা দুটি চার-ছয় মারার পর মাশরাফি বিন মর্তুজা বোল্ড হওয়ার পর নিশ্চিত হয়ে যায় এবারও ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লেতে ক্রমাগত ব্যর্থতা অব্যাহত রেখে কাল শেষ ৫ ওভারে তুলতে পেরেছে মাত্র ২৯।