
টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কাল দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশ মেয়েরা ৯ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আগামীকাল শিরোপা লড়াইয়ে প্রথম চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় গত বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল এই দুই দলই।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলার আর ফিল্ডারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ক্লোয়ে ট্রায়ন (৪০) আর মিগনন ডু প্রিজ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কোনো প্রোটিয়া ব্যাটার। এক বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা অলআউট ১০১ রানে। ইনিংসে পাঁচ প্রোটিয়া ব্যাটার রানআউট হয়ে স্পর্শ করেন মেয়েদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রানআউটের রেকর্ডও। জবাবে সারা টেলর আর শার্লট এডওয়ার্ডসের ৬৭ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড। ৩৬ রান করে এডওয়ার্ডস বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে টেলর-হিদার নাইটের ৩৫ রানের জুটি ১৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয় ইংল্যান্ডকে। টেলর অপরাজিত থাকেন ৪৪ রানে। ৪ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ পেসার অ্যানিয়া শ্রাবসোল। ক্রিকইনফো।