আবারও ইংল্যান্ডের অধিনায়ক ফার্ডিনান্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই নানা ইনজুরিতে জর্জরিত রিও ফার্ডিনান্দ। ইনজুরিই তাঁকে ভাগিদার হতে দেয়নি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অনন্য গৌরবের। তবে সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফুটবলে ফিরেছেন ইংলিশ ফুটবলের অন্যতম সেরা এই ডিফেন্ডার। আর দলে ফিরেই তিনি পেয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়কত্ব।তবে ফার্ডিনান্দের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছিলেন মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। বিশ্বকাপে ব্যর্থ হলেও জেরার্ডের নেতৃত্বেই ইউরো-২০১২ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। অনেক বিশ্লেষকই আশঙ্কা করছেন, জার্মান শিবিরে অধিনায়কত্ব নিয়ে লাম-বালাকের দ্বন্দ্বের আগুন আবার ইংলিশ দলকেও পোড়ায় কিনা। তবে সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিয়ে জেরার্ড ফার্ডিনান্দের ফিরে আসাকে সাদরে গ্রহণ করেছেন। ফার্ডিনান্দের ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘সে খেলার সময় মাঠে অনেক কথা বলে। এটা অন্য খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ফার্ডিনান্দের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ইংলিশ দলের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেরার্ড।এদিকে অধিনায়কত্ব নিয়ে কিন্তু একেবারেই মাথা ঘামাচ্ছেন না ফার্ডিনান্দ। অনেক দিন পর আবার জাতীয় দলে ফিরতে পেরেছেন এই ভেবেই তিনি খুশি। ‘অধিনায়কত্ব পাই কি না, তা নিয়ে ভাবছি না। এই মুহূর্তে দলে ফিরতে পারা আর পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অধিনায়কত্বের জন্য কোচ আমাকে যোগ্য মনে করেছেন—এটা আমার জন্য খুবই আনন্দদায়ক’, বলেছেন ফার্ডিনান্দ। সবকিছু ঠিকঠাক থাকলে আজ মঙ্গলবারই মন্টেনিগ্রোর বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবেন তিনি। বিবিসি অনলাইন