আবারও ইংল্যান্ডের বুকানন-শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের দাওয়াই এবারও কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। সাবেক অস্ট্রেলিয়া কোচ জন বুকাননকে গত অ্যাশেজের আগে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড। তাতে সুফলও পেয়েছিল, নিজেদের মাটিতে ২-১-এ সিরিজ জিতে পুনরুদ্ধার করেছিল অ্যাশেজ। অস্ট্রেলিয়ার মাটিতে দুই যুগ অ্যাশেজ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে আবারও বুকাননের দ্বারস্থ হলো ইংলিশরা। শোনা যাচ্ছে, এ সপ্তাহেই ইংল্যান্ডে পৌঁছে যাবেন ৫৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান। ইংল্যান্ডের কোচিং স্টাফে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হতে যাচ্ছেন বুকানন। দলের বোলিং কোচ ডেভিড সেকারও অস্ট্রেলিয়ান।গত বছর বুকানন ইংল্যান্ডের হয়ে কাজ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন রিকি পন্টিং। বুকাননের কোচিংয়ে আর পন্টিংয়ের নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। জিতেছেন চারটি অ্যাশেজের তিনটিই। তাঁর কোচিংয়ে ৮৬ বছর পর ইংল্যান্ডকে ‘হোয়াইওয়াশ’ করেছে অস্ট্রেলিয়া। টানা আট বছর অস্ট্রেলিয়ার কোচ ছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের নাড়ি-নক্ষত্রও জানা থাকার কথা বুকাননের। এই চিন্তা থেকেই গত অ্যাশেজে বুকাননকে উপদেষ্টা বানিয়েছিল ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ, বুকাননের অভিজ্ঞতা আরও বেশিই কাজে লাগার কথা। অ্যাশেজের আগ পর্যন্ত তিনি কাজ করবেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।বুকাননের কোচিং পদ্ধতি নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে। অস্ট্রেলিয়ায় তো আছেই, ইংলিশ কাউন্টি মিডলসেক্সে কোচ হিসেবে থাকার সময়ও অসন্তোষ দেখা দিয়েছিল সিনিয়র ক্রিকেটারদের মাঝে। বরাবরই বুকাননের বড় সমালোচকদের একজন শেন ওয়ার্ন যেমন মনে করেন, বুকাননের পরামর্শে ইংল্যান্ডের উপকার বা অস্ট্রেলিয়ার অপকার কোনোটাই হবে না।