আবারও ইনিংস পরাজয় অস্ট্রেলিয়ার
২৪ বছর পর অ্যাশেজ ধরে রাখার কীর্তিটি সম্পন্ন হয়েছিল আগেই। মেলবোর্ন টেস্টে। এবার সিডনি টেস্টেও অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই যুগ পর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের আনন্দে মাতল ইংল্যান্ড। সিরিজের তিনটি টেস্টেই ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের। ৩-১-এ সিরিজ জিতে নিল স্ট্রাউস বাহিনী।সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার হারটা অনেকখানি নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল চতুর্থ দিনেই। অনেক অস্ট্রেলীয় সমর্থক হয়তো আশা করেছিল যে, ইনিংস পরাজয়টা অন্তত এড়ানো যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের পক্ষে। তাঁদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৮০ রানে। দ্বিতীয় ইনিংসে তাঁরা মাত্র এক রান বেশি করতে পেরেছে, ২৮১।অস্ট্রেলিয়ার ইনিংস পরাজয় এড়ানোর ক্ষেত্রে সব আশা-ভরসার মূলে ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও পিটার সিডল। গতকাল তাঁরা মাঠ ছেড়েছিলেন ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। আজও দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন। আগের দিনের ৪২ রানের জুটিটাকে তাঁরা টেনে নিয়ে গিয়েছিলেন ৮৬ রান পর্যন্ত। কিন্তু মেলবোর্ন টেস্টে ‘স্প্রিঙ্কলার ড্যান্সের’ সার্থকতা প্রমাণ করতেই বোধহয় পিটার সিডলের উইকেটটা তুলে নিলেন গ্রায়েম সোয়ান। ৪৩ রান করে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সিডল। এরপর অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে আর খুব বেশি সময় নেননি ইংলিশ বোলাররা। মাত্র ছয় ওভারের মধ্যেই হিলফেনহউস আর মাইকেল বিয়ারের উইকেট তুলে নেন অ্যান্ডারসন ও ট্রেমলেট।— রয়টার্স/ক্রিকইনফো