আবারও উপেক্ষিত ক্রিস গেইল
জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বিপিএল থেকে আগেই ফিরে গেছেন পোলার্ড-রাসেলরা। তবে ক্রিস গেইলের সেই তাড়া নেই। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ শেষ করেই দেশে ফিরতে পারবেন। সাবেক অধিনায়ককে যে ট্রেনিং ক্যাম্পে রাখেইনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড! অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বারবাডোজে ৩০ ক্রিকেটারকে নিয়ে ১ মার্চ শুরু হয়েছে এই ক্যাম্প। চলবে ১২ মার্চ পর্যন্ত। ১৬ মার্চ সেন্ট ভিনসেন্টের ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ।এই ক্যাম্পের সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সম্পর্ক নেই। চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটারের সঙ্গে আছেন চুক্তির বাইরে থাকা ১৩ জন। গেইলের মতো চুক্তিতে সই না করা পোলার্ড, ডোয়াইন ব্রাভো ঠিকই আছেন। গেইলের সঙ্গে বোর্ডের সমস্যাটা মূলত এখন ‘ইগো’র। আলোচিত সেই রেডিও সাক্ষাৎকারে বোর্ড ও কোচের বিরুদ্ধে করা মন্তব্যগুলো প্রত্যাহার করতে বলেছিল বোর্ড। কিন্তু গেইল তা করেননি। গত ৩০ জানুয়ারি বোর্ড-প্রধান আর্নেস্ট হিলাইরে এক ই-মেইলে গেইলকে লিখেছেন, জাতীয় দলে খেলতে চাইলে সব সময়ই জাতীয় দলের ডাকে সাড়া দিতে হবে, নিজের পছন্দমতো খেলা যাবে না। ক্যাম্পে ডাক না পাওয়া থেকেই পরিষ্কার, মেইলের জবাব দেননি গেইল। কিংবা শর্তে রাজি নন! গত বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে নেই গেইল। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ‘হটকেক’ মারমুখী এই ওপেনার। আইপিএল, বিগ ব্যাশ, ইংল্যান্ড-জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি খেলে কদিন আগে খেলে গেলেন বিপিএল। এখন আছেন দক্ষিণ আফ্রিকায়, কুঁচকির চোটের কারণে এখনো অবশ্য ডলফিনসের হয়ে অভিষেক হয়নি তাঁর। ওয়েবসাইট।