আবারও এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে অনেকখানিই এগিয়ে দিয়েছিলেন শহীদ আফ্রিদি। মাত্র ৪৮ বলে ৮৮ রানের এই ইনিংসটিতে ভর করে দারুণ এক জয়েরই আশা করছিলেন পাকিস্তানের সমর্থকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেক কাছাকাছি গিয়েও ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারী পাকিস্তানকে। জয়ের জন্য ৩৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই ৩০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আর আজকের এই জয় দিয়ে ওয়ানডে সিরিজে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য ৩৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করে পাকিস্তান। চতুর্থ ওভারে ওপেনার নাসির জামশেদ সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে ভালো ভিত্তি গড়ে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। ১৭তম ওভারে কামরান আকমল সাজঘরে ফেরার পর খানিকটা চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। এরপর খুব অল্প সময়ের মধ্যে একে একে ফিরে যান মোহাম্মদ হাফিজ, ইউনুস খান ও শোয়েব মালিক। হাফিজের ব্যাট থেকে আসে ৫৭ রান। ষষ্ঠ উইকেটে ৭১ রানের ঝোড়ো জুটি গড়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদি। দলীয় ২০৩ রানের মাথায় এই জুটি ভেঙে দক্ষিণ আফ্রিকা শিবিরে স্বস্তি ফেরান রায়ান ম্যাকলারেন। ২৮ রান করে ফিরে যান মিসবাহ। দুই ওভার পরে আফ্রিদিও সাজঘরের পথ ধরলে প্রায় নিশ্চিতই হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জয়। শেষ পর্যায়ে ক্যারিয়ারসেরা ৪৫ রানের ইনিংস খেলে একাই লড়াই চালিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। ডানহাতি এই ব্যাটসম্যানই আউট হন পাকিস্তানের শেষ ব্যাটসম্যান হিসেবে। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রায়ান ম্যাকলারেন ও তোতসোবে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। সফলতাও মেলে দ্রুতই। দলীয় মাত্র ৪ রানে গ্রায়েম স্মিথের (৩) উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সুবিধা করতে পারেননি স্মিথের জায়গায় খেলতে আসা কলিন ইনগ্রামও। ব্যক্তিগত ১৭ রানে তিনি যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ৪২।এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। পাল্টে দেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ও ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে রেকর্ড ২৩৮ রানের জুটি গড়েন তাঁরা। ওয়াহাব রিয়াজের শিকার হয়ে আমলা যখন সাজঘরে ফেরেন, তখন প্রোটিয়াদের সংগ্রহে ২৮০ রান। আমলাও এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সাঈদ আজমলের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন দলীয় ৩০১ রানে।১০৮ বলে ভিলিয়ার্সের ১২৮ রানের ইনিংসটিতে ছিল ১২টি চার ও তিনটি ছয়ের মার। নয়টি চার ও এক ছয়ে সাজানো আমলার ১২২ রানের ইনিংসটি ছিল ১১৩ বলের। ডু প্লেসিস করেন ৪৫ রান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া সাঈদ আজমল নেন একটি উইকেট।