আবারও এগিয়ে গেল ভারত
দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু আজ আবার তৃতীয় ম্যাচটি জিতে পাঁচ ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত। গৌতম গম্ভীরের দুর্দান্ত শতরানের সুবাদে উত্তেজনাপূর্ণ খেলায় শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ধোনি বাহিনী। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এটিই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বীরেন্দর শেবাগের উইকেট হারিয়েছিল ভারত। তবে দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন আরেক ওপেনার গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। ২১তম ওভারে এই জুটি ভেঙ্গে লঙ্কান শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন রঙ্গনা হেরাথ। ৩৮ রান করে তাঁর শিকারে পরিণত হয়ে ফেরেন কোহলি। তৃতীয় উইকেটে অধিনায়ক ধোনির সঙ্গে আবারও ৬৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন গম্ভীর। তবে ৩৬তম ওভারে পর পর দুই বলে ধোনি ও রোহিত শর্মাকে সাজঘরে পাঠান লাথিস মালিঙ্গা। ম্যাচও অনেকটা ঘুরে যায় শ্রীলঙ্কার দিকে। কিন্তু ষষ্ঠ উইকেটে ৯২ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে ভারতকে চমত্কার এক জয় এনে দেন সুরেশ রায়না ও ইরফান পাঠান। রায়না ৪৬ বলে ৬৯ রান, ইরফান পাঠানের ব্যাট থেকে আসে ৩০ রান।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কিন্তু প্রথম ছয় ওভারের মধ্যে তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা ও দিনেশ চান্দিমালের উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়ে লঙ্কানরা। স্কোরবোর্ডে তখন যোগ হয়েছে মাত্র ২০ রান। চতুর্থ উইকেটে অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়ান সাঙ্গাকারা ও অধিনায়ক জয়াবর্ধনে। দীর্ঘসময় ভারতীয় বোলারদের হতাশায় পুড়িয়ে তাঁরা যোগ করেন ১২১ রান। ৩০তম ওভারে রাহুল শর্মার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জয়াবর্ধনে। তবে তার আগে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। আট ওভার পর সাঙ্গাকারাও বিদায় নেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলে। তবে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন অ্যাঙ্গেলো ম্যাথুস ও জীবন মেন্ডিস। ৫৭ বলে ৭১ রানের এক ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ম্যাথুস। হার না-মানা ৪৫ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। ভারতের পক্ষে দুটি উইকেট নিয়েছেন জহির খান।