আবারও ওঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির ‘হ্যাটট্রিক’ হবে কি না, উত্তর বলবে সময়ই। তবে মেসি-জাভি মিলে কিন্তু হ্যাটট্রিক করেই ফেললেন। টানা তিনবার একসঙ্গে ফিফা বর্ষসেরার চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন বার্সা জুটি। তালিকার আরেকজন, ক্রিস্টিয়ানো রোনালদোকে যোগ করলেও হয়ে যাচ্ছে আরেকটা কীর্তি। ২০০৯ সালেও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এই তিনজন, এই প্রথম সেরা তিনে দুবার জায়গা হলো একই ত্রয়ীর। গত বছর চালু হওয়া ফিফা-ব্যালন ডি’অরকে আলাদা করে বিবেচনা করলে অবশ্য আবার আলাদা হয়ে যাচ্ছেন রোনালদো। মেসি-জাভির সঙ্গে গতবার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।বর্ষসেরা মহিলা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্রাজিলের মার্তা, জাপানের হোমারে সাওয়া ও যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ। বর্ষসেরা কোচের লড়াইটা অ্যালেক্স ফার্গুসন, পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর মধ্যে। বছরের সুন্দরতম গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’-এর তালিকায় মেসি ও ওয়েইন রুনির সঙ্গে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। আগামী ৯ জানুয়ারি ফিফার সদর দপ্তর জুরিখে ঘোষিত হবে বিজয়ীদের নাম।২৩ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছিল গত ১ নভেম্বর। প্যারিসে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সদর দপ্তরে কাল সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেন ফিফার মহাসচিব জেরম ভালকে। বিশ্বজুড়ে জাতীয় দলের কোচ-অধিনায়ক ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিন মনোনীত সাংবাদিকদের ভোটে সেরা তিনে জায়গা পেয়েছেন মেসি, রোনালদো ও জাভি। তবে মেসি বা রোনালদোর মধ্যেই কেউ একজন পুরস্কারটা পেতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। বার্সেলোনার গত চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান ছিল মেসির। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে করেছিলেন ২ গোল, গোল করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনালেও। এ মৌসুমেও গোল করেই যাচ্ছেন, বার্সার জার্সিতে গোলের ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন কদিন আগে। ৪০ গোল করে গত মৌসুমে লা লিগার রেকর্ড গড়েছেন রোনালদো, কোপা ডেল রের ফাইনালে তাঁর গোলেই বার্সাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কদিন আগে ছুঁয়েছেন রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি। এবারের লা লিগায় এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এই দুজন। মেসি জিতলে প্রথম ফুটবলার হিসেবে করবেন ফিফা বর্ষসেরার হ্যাটট্রিক। এর আগে টানা দুবার জিতেছিলেন দুই ব্রাজিলিয়ান রোনালদো ও রোনালদিনহো। ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা হয়েছিলেন একবারই, ২০০৮ সালে।ম্যানচেস্টার ডার্বিতে ওয়েইন রুনির চোখ ধাঁধানো বাইসাইকেল কিক গোলটা মনোনীত হয়েছে বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায়। সঙ্গে আছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে গোলকিপারের মাথার ওপর দিয়ে মেসির উদ্ভাবনী চিপ ও পরে ভলিতে গোল আর ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে আঁকাবাঁকা এগিয়ে নেইমারের একক নৈপুণ্যের গোল।বর্ষসেরা ফুটবলার, মহিলা ফুটবলার ও কোচের পাশাপাশি একই অনুষ্ঠানে দেওয়া হবে ফিফা প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ও ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও। আর ঘোষণা করা হবে ফিফা/ফিফপ্রো বর্ষসেরা একাদশ। ওয়েবসাইট।