ম্যাচের শেষ বাঁশি বাজতে মিনিট তিনেক বাকি। ৩-২ গোলে এগিয়ে বাংলাদেশ। ডাগ-আউট থেকে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি সমানে চিৎকার করছেন, বাকি সময়টুকু নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে কাটিয়ে দাও। কিন্তু কাজ হলো না। বলের দখল হারাল বাংলাদেশ। ৩-৩ করে ফেলল ওমান। শেষে তো ম্যাচটাই বেরিয়ে গেল মুঠো গলে।
বিশ্ব হকি লিগে গতবার দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় রাউন্ডে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। এরই প্রথম শর্ত হিসেবে সিঙ্গাপুরে কাল ওমানকে হারালেই চলত। তাতে সেমিফাইনাল তো নিশ্চিত হতোই, হাতছানি ছিল তৃতীয় রাউন্ডে যাওয়ার। কিন্তু জয় দূরে থাক, এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওমানের কাছে বাংলাদেশ হারল টাইব্রেকারে গিয়ে। নির্ধারিত সময়ের খেলা ছিল ৩-৩-এ সমতা।
প্রতিপক্ষ ওমান বলেই কিনা একটু মনস্তাত্ত্বিক চাপে ছিল বাংলাদেশ। দেশের বাইরে ওমানের কাছে হারটা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বিদেশের মাটিতে সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসেও ওমানের কাছে হেরেছে কৃষ্ণ-মিমোদের দল।
৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সিতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১২ মিনিটে ওমানের মোহাম্মদ জানদাল সমতা ফেরান। ২৮ মিনিটে ওমানের জুম্মন আনোয়ার করেন ২-১। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই বাংলাদেশকে ম্যাচে ফেরান পুষ্কর খীসা মিমো (২-২)। ৪৯ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ওমানের হাসানি মুহান্নার ৩-৩ করে ফেলেন। তিন দফায় বাংলাদেশের সিতুল, নিলয় ও সারোয়ার ২০ মিনিট হলুদ কার্ডের কারণে মাঠের বাইরে ছিলেন, ওই সুযোগেই বারবার ম্যাচে ফিরেছে ওমান।
পেনাল্টি শ্যুটআউটে জিমি, নিলয়, রোমান ও সারোয়ারের কেউই গোল করতে পারেননি। ওমানের গোল দুটি করেছেন খালিদ ও মুহান্না।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের কর্মকর্তারা স্তম্ভিত হয়ে পড়েন। এই হারের কোনো অজুহাত খোঁজেননি গোবিনাথান, ‘আমি তো মাঠে খেলতে পারি না। এত হাস্যকর ভুল করেছে ওরা, মনে হচ্ছিল স্টিক ধরাই ভুলে গেছে। এমনকি ১: ১ পরিস্থিতিতেও গোল করতে পারেনি সেরা খেলোয়াড়দের কেউ। ওদের ব্যর্থতায় বাংলাদেশ দারুণ সুযোগ হারাল।’
আজ স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।