আবারও ওয়াটসন শো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকের ঢল নামল প্রেমাদাসার গ্যালারিতে। বাদ্য বাজল, নাচানাচি হলো, চারদিকে টি-টোয়েন্টি উৎসবের আবহ। অবশেষে জমে উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু অক্টোবরের মৌসুমি বায়ু প্রথম মুখ দেখাতে বেছে নিল কিনা এই দিনটিকেই! চার-ছয়ের বৃষ্টি হচ্ছিল প্রেমাদাসায়, দেখা মিলল সত্যিকার বৃষ্টিরও। বৃষ্টির বড় বড় ফোঁটার মাঝে দৌড়ে মাঠ ছাড়লেন শেন ওয়াটসন। ততক্ষণে তিনি আরও একবার হয়ে গেছেন অস্ট্রেলিয়ার নায়ক!নায়ক না হয়ে খলনায়কও হতে পারতেন। থার্ডম্যানে ক্রিস গেইলের ক্যাচ ছেড়েছিলেন মাত্র ৪ রানে। কিন্তু নায়কের ভূমিকায় যিনি অভ্যস্ত, ভিলেন হতে তাঁর ভালো লাগবে কেন! ‘পুনর্জীবন’ পেয়ে ঝড় তুলেছিলেন গেইল। কিন্তু ৩৩ বলে ৫৪ রান করা গেইলকে নিজের বলে ক্যাচ নিয়ে ফিরিয়েছেন ওয়াটসন। স্লগ ওভারে ফিরিয়েছেন কাইরন পোলার্ডকে। স্যামুয়েলস (৩২ বলে ৫০), ব্রাভোদের (২১ বলে ২৭) ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ তবু তুলেছিল ১৯১। দল তাই ব্যাট হাতেও কিছু চাইছিল সবচেয়ে বড় ভরসার কাছ থেকে। ওয়াটসন হতাশ করেননি।ঝড়ের শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার (১৪ বলে ২৮)। এডওয়ার্ডস ওয়ার্নারকে ফেরালেও ঝড় থামেনি। মাইক হাসিকে (১৯ বলে ২৮*) দলকে এগিয়ে নিয়েছেন ওয়াটসন (২৪ বলে ৪১*)। ৭ ওভারে ৭০ রানের জুটিতে ৯.১ ওভারেই অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলল ১০০। বৃষ্টিতে আর খেলা হয়নি। কিন্তু ডাকওয়ার্থ-লুইসে তখনই ১৭ রানের বড় জয় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আবারও ম্যাচসেরা ওয়াটসন। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেরা হয়েছিলেন ৩ উইকেট নিয়ে ও ৩০ বলে ৫১ করে।সম্ভাব্য খলনায়ক থেকে আবার নায়ক হতে পেরে ওয়াটসন উচ্ছ্বসিত, ‘গেইলের ক্যাচ ছাড়ার অনুভূতি প্রচণ্ড বাজে, বিশেষ করে পরের ১০ বলেই যখন ৩০-৪০ রান চলে আসে! ব্যাটে-বলে সেটা পুষিয়ে দিতে পেরে ভালো লাগছে। ওদের ১৯০ করতে দেওয়াটাও হতাশাজনক। তবে শেষ পর্যন্ত আমরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতেছি, এটাই আসল।’