আবারও ওয়ানডেতে ফেরার ইঙ্গিত পিটারসেনের
এ বছরের মার্চে আকস্মিকভাবে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন কেভিন পিটারসেন। তবে দুই মাস পরেই আবার মাঠে ফেরার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের এই স্টাইলিস্ট ব্যাটসম্যান। তবে তাঁর জন্য ইংল্যান্ডের চরম ব্যস্ত সময়সূচি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন পিটারসেন। আজ ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাত্কারে এই প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন ৩২ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।ইংল্যান্ডের ব্যস্ত সময়সূচির জন্যই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পিটারসেন। তবে আজ এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী, মা-বাবা, ভাই, বন্ধু সবাই আমাকে প্রশ্ন করছে যে তোমার কি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজটাতে ব্যাটিং করতে ইচ্ছে হচ্ছে না? আর আমি/// তাদেরকে বলেছি যে আমি/// কিছুই হারাইনি। কিন্তু হয়তো আমার একটা বিরতি দরকার ছিল। গত সাত বছরে আমি প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেছি।’ এখন আবার সীমিত ওভারের ক্রিকেট ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে পিটারসেন বলেছেন, ‘আমি কখনোই না বলিনি। আমি আগের থেকে অনেক বয়স্ক ও পরিণত। কাজেই এখন কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেটের চরম ব্যস্ত সময়সূচিই আমার ফেরাটা কঠিন করে তুলছে। দেখা যাক কী হয়।’দুই বছর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন কেভিন পিটারসেন। সেবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও বিবেচিত হয়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। এবার এই বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হতে পারতেন ইংল্যান্ডের প্রধান ভরসা। সে রকম পরিকল্পনা পিটারসেনেরও আছে। তবে সে জন্য ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকেই নমনীয় হতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন পিটারসেন। বলেছেন, ‘আমি আবারও ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পছন্দ করব। এ রকমটা যদি হয়, তাহলে সেটা হবে খুবই চমত্কার ব্যাপার। কিন্তু তার জন্য আমি শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকতে পারব না।’— ওয়েবসাইট