ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসছিলেন যোসেফ আপুসি। উত্তপ্ত আবাহনী গ্যালারি থেকে একটা ইটের টুকরা গিয়ে পড়ল শেখ জামালের কোচের মাথায়! ভাগ্য ভালো মাথা ফাটেনি। ফুলে গেছে। মাথাটা চেপে ধরে অন্যদের সহায়তায় কোনোরকমে মাঠ ছেড়ে গেলেন এই নাইজেরিয়ান। কিন্তু যা ঘটল, ঘরোয়া ফুটবলে নিরাপত্তাহীনতার এর চেয়ে বড় উদাহরণ আর হয় না! সম্প্রতি মোহামেডান কোচ সাইফুল বারীকে ম্যাচের পর মাঠে ঢুকে দলের সমর্থকেরা লাঞ্ছিত করেন। সে ঘটনার পর একই কাণ্ড ঘটল কাল আবার।শেষ বাঁশির ঠিক আগে মাঠে উত্তেজনা। পুলিশ দুই দলকে নিরাপত্তা দিতে আসছে দেখে আবাহনী গ্যালারি থেকে একদল সমর্থক নেমে পড়ে মাঠে। একজন হাতে লাঠি নিয়ে ফটো সাংবাদিকদের দিকে তেড়ে যায়। অন্যরা এসে বাফুফের দুই কর্মীর গায়ে হাত তুলেছে। গালাগাল, ঢিল ছোড়া—কোনো কিছুই বাদ যায়নি। আবাহনীর সমর্থকদের এই ক্ষোভের কারণটা ঠিক পরিষ্কার নয়। মাঠে এমন কিছু হয়নি, যাতে এ রকম হিংস্র আচরণ করতে হবে। একটা কারণ হতে পারে, দল কেন প্রবল প্রতিদ্বন্দ্বী শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করল! আরে, ড্র করে ১ পয়েন্ট পাওয়াই তো বরং আবাহনীর ভাগ্য।শেখ জামালের কোচ আপুসি আহত হয়ে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেসিংরুমে গেলেন, আবাহনীর সমর্থকেরা গালাগাল করছিল। পাল্টা দিয়েছেন শেখ জামালের কর্মকর্তারাও। অবাক ব্যাপার, পুলিশ থাকল নীরব দর্শক। স্টেডিয়ামে তিন-চার হাজার দর্শক হয়েছে, তাতেই এ অবস্থা। আরও বেশি হলে কী হতো কে জানে!মাঠেও দুবার দুই দলের মধ্যে খানিকটা উত্তেজনা ছড়ায়। তবে তা বেশি দূর গড়ায়নি। বড় ম্যাচে টুকটাক এমন হয়েই থাকে। তবে বড় ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ যত চড়ে, এই ম্যাচটা তা পূরণ করতে পারেনি। আবার একেবারে ম্যাড়মেড়েও হয়নি। লিগে আগের তিনটি করে ম্যাচ দুই দলই জিতেছিল। এটা ছিল একে অন্যকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার লড়াই। তাতে আবাহনীকে আবাহনীর মতো লাগেনি। নতুন কোচ আরদেশির পোরনেমাত এসেই বলেছিলেন, ‘নতুন ধারণা নিয়ে আবাহনীকে গড়ে তুলব।’ সেই ‘নতুন ধারণাটা’ আর পাওয়া যাচ্ছে না। সেই গৎবাঁধা ফুটবলই খেলে গেল আবাহনী। আরদেশির নিজে সংবাদ সম্মেলনে এসে এটা স্বীকারও করে গেলেন, ‘আমরা আসলে সিম্পল ফুটবল খেলেছি। পরিকল্পনা বাস্তবায়ন যে করব, তার জন্য এই দল তো তৈরি নয়।’আবাহনী সমস্যাটা থাকল মাঝমাঠে। অসুস্থতা কাটিয়ে মাঠে নেমেছেন প্রাণতোষ। নিজেকে হারিয়ে খুঁজছেন ইয়োকো। তাই মাঝমাঠ থেকে আবাহনীর আক্রমণে বল জোগান ছিল না সেভাবে। দলে তরুণ খেলোয়াড় বেশি। তাঁদের এক সুতোয় গাঁথতে গোলমাল হচ্ছে। তাই আরদেশির নিজের চাহিদা তৈরি করেছেন, ‘দলে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার।’ স্ট্রাইকার পল গতবার দুর্দান্ত ফর্মে ছিলেন, এবার তাঁকে চেনা যাচ্ছে না। ফলে গোলের জন্য কিছুটা সংগ্রাম করতে হচ্ছে চারবারের চ্যাম্পিয়নদের।শেখ জামাল পুরো পয়েন্ট পায়নি স্ট্রাইকারদের ব্যর্থতায়। ভালো জায়গায় বল পেয়েও পোস্ট খুঁজে পাননি ওতোজেরেরি, কেস্টার আকনরা। আবাহনীর গোলরক্ষক সোহেল এখানে প্রশংসা পেতেই পারেন।কিন্তু ম্যাচ শেষে এসব ছাপিয়ে শেখ জামাল কোচের আহত হওয়াই বড় খবর। সমবেদনা পেলেন সবারই। আবাহনী কোচ পোরনেমাত সমব্যথী, ‘আপুসি ভালো কোচ, বাংলাদেশের ফুটবলকে অনেক কিছু দিতে পারবেন। তাঁর ওপর আঘাত দেখে দুঃখ পেয়েছি।’কবে যে পোরনেমাতের নিজেরই এই অভিজ্ঞতা হয়!