আবারও ক্রিকেট থেকে দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোনাথন ট্রট
জোনাথন ট্রট

নিজেকে সুস্থ মনে করছিলেন। তাই আবার ফিরে গিয়েছিলেন ক্রিকেটে। কিন্তু ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টিতে একটা ম্যাচ খেলেই জোনাথন ট্রট বুঝতে পারলেন, মানসিক অবসাদজনিত অসুস্থতা পুরোপুরি সারেনি তাঁর। দেশের হয়ে ৪৯টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে খেলা এই ইংলিশ ব্যাটসম্যান তাই আবারও ক্রিকেট ছেড়ে গেলেন বিশ্রামে!
মানসিক অবসাদজনিত কারণে গত নভেম্বরে ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের পরই দেশে ফিরে যান ট্রট। পরের চার মাস ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চিকিত্সক দল ও মনোবিদেরা চেষ্টা করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে সারিয়ে তুলতে। কিছুদিন আগে স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাত্কারে আইসিসির সাবেক বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। মানসিক অবসাদটাও কেটে গেছে বলে মনে হচ্ছে। গত সপ্তাহে তাই ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেললেন সাসেক্সের সঙ্গে। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৭ ও দ্বিতীয় ইনিংসে ২৬ রান করলেও ওই ম্যাচেই টের পেলেন খেলার জন্য মানসিকভাবে এখনো শতভাগ ফিট নন তিনি। আবারও তাই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত তাঁর। গতকাল আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে আমি ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, অস্ট্রেলিয়া সফরের সময় আমাকে যে অবসাদ পেয়ে বসেছিল, আবার সেটাই অনুভব করছি আমি। শতভাগ ফিট না থেকে ক্রিকেট খেলা মানে নিজের এবং সতীর্থদের সঙ্গে অন্যায় করা। এই মুহূর্তে আমার পক্ষে সেরাটা দেওয়া সম্ভব হবে না। এটা মাথায় রেখেই আমার মনে হয়েছে সুস্থ হয়ে ফেরার জন্য ক্রিকেট থেকে আবারও কিছুদিন দূরে থাকাই ভালো হবে।’
ট্রটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ইসিবিও, ‘আমাদের সবচেয়ে বেশি উদ্বেগ ট্রটের সুস্থতা নিয়ে এবং সেটার জন্য আমরা তাঁকে সব রকম সাহায্য করতে প্রস্তুত।’ ওয়েবসাইট।