আবারও ক্ষমা চাইলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরই বিশ্ব ফুটবলের দরবারে নিজেকে নতুন করে চিনিয়েছেন ওয়েইন রুনি। ম্যান ইউয়ের লাল জার্সি গায়ে নিজের অসাধারণ ফুটবল নৈপুণ্যের প্রদর্শনী দেখিয়ে হয়ে উঠেছেন এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। আর সেই রুনিই কি না ছেড়ে যাচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড? নানা ধরনের গুজব ছড়ানোর পর রুনি নিজেও ম্যান ইউ ছেড়ে যাওয়ার কথা স্বীকার করেছিলেন। এমনকি ওল্ড ট্রাফোর্ড ছেড়ে কোথায় পাড়ি জমাবেন এই ইংলিশ স্ট্রাইকার—তা নিয়েও শুরু হয়ে গিয়েছিল জল্পনা-কল্পনা।ম্যান ইউ সমর্থকেরা অবশ্যই ক্লাবের এই সেরা স্ট্রাইকারের এভাবে চলে যাওয়াটা ভালোভাবে নেয়নি। কোথাও কোথাও রুনিকে মৃত্যুর হুমকি দিয়ে পোস্টারও ছাপানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যান ইউ সমর্থকদের নিরাশ করেননি রুনি। ম্যান ইউয়ের সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করার পর ক্ষমা চেয়েছিলেন সমর্থকদের কাছে। কিন্তু অনেকেই সেটাকে যথেষ্ট বলে মনে করেননি। তাই এবার আরেক দফা সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘আমার মনে হয়েছিল যে, আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু অনেকেই এখনো বলছে যে, আমি তা করিনি। যদি সে রকমই হয়, তাহলে আমি আবারও ক্ষমা চাইছি।’ম্যান ইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল না বলেও স্বীকার করেছেন রুনি। শুধু তাই নয়, ম্যান ইউ ছেড়ে যাওয়াটা তাঁর জীবনের একটা বিরাট ভুল হতো বলেও উল্লেখ করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে জয় এনে দেওয়ার পর রুনি বলেছেন, ‘অনেক খেলোয়াড়ই এই ক্লাবটা ছেড়ে চলে গেছে কিন্তু পরে তারা আর ভালো কিছু করতে পারেনি। আমি খুবই খুশি যে, শেষ পর্যন্ত চলে যাইনি। এখন ওই অধ্যায়টা পেছনে রেখে আমি সামনের দিকে তাকাতে চাই।’ কিন্তু সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গেলে কোথায় যেতেন এই ইংলিশ স্ট্রাইকার? ম্যান ইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন বলে জোর গুজব উঠেছিল সে সময়। কিন্তু রুনি এই সম্ভবনার কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন। ম্যান ইউ ছাড়লে রুনি নাকি ইংল্যান্ডের বাইরেই কোথাও চলে যেতেন। বিবিসি অনলাইন।