আবারও খুলনার নায়ক আল আমিন
ফতুল্লায় কাল জাতীয় লিগের ম্যাচে রান উঠেছে ৩১২। ব্যাটিং-ব্যর্থতা তাহলে ঘুচল! ভুল বুঝেছেন। খুলনা ও রাজশাহীর ৩ ইনিংস মিলিয়ে উঠেছে এই রান। সারা দিনে উইকেট পড়েছে ১৭টি, আগের দিনের চেয়েও ২টি বেশি। ফলে মাত্র দুই দিনেই শেষ চার দিনের ম্যাচ। মাত্র ১০০ রানের লক্ষ্য তাড়া করে খুলনা জিতেছে ৮ উইকেটে। তবে খুলনা জিতেছে আল আমিনের পেস বোলিংয়ে।আগের দিনের ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা খুলনাকে প্রথম ইনিংসে ১৭৯ রানে গুটিয়ে দিয়েছিল রাজশাহী। তবে তাদের আনন্দটা উবে যেতে সময় লাগেনি। দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় ওভারেই শূন্য রানে আউট রাজশাহীর ওপেনার জহুরুল ইসলাম। সৌম্যর হাতের ক্যাচ বানিয়ে ডলার মাহমুদ ফেরান তাঁকে। এরপর রাজশাহীকে ধসিয়ে দিয়েছেন আল আমিন। সপ্তম ওভারে বল হাতে পেয়ে ৭ ওভারের টানা স্পেলে ৫ উইকেট। ৬৮ রানে ৬ উইকেট হারানো রাজশাহী কিছুটা ঘুরে দাঁড়ায় সপ্তম উইকেট জুটিতে। ৩১তম ওভারে আবারও বল হাতে নিয়ে রাজশাহীর সপ্তম উইকেটটিও তুলে নেন ম্যাচে ৯ উইকেট পাওয়া আল আমিন।একাডেমি দলের এই বোলারের এবারই জাতীয় লিগে অভিষেক। প্রথম তিন ম্যাচে পেয়েছিলেন মাত্র ৫ উইকেট। সেই আল আমিন সর্বশেষ ৩ ম্যাচে পেলেন ২৯ উইকেট। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন চারবার, ম্যাচে ১০ উইকেট একবার।সিলেটে ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। ৩ উইকেটে ৫৩ রান নিয়ে দিন শুরু করা সিলেটের পঞ্চম উইকেট পড়ে ৮১ রানে। এরপর ষষ্ঠ উইকেটে রাজিন সালেহর সঙ্গে ৫৩ ও সপ্তম উইকেটে এজাজ আহমেদের সঙ্গে ৮৫ রান করেন গোলাম মাবুদ। ২৬৩ রানে অলআউট হওয়া সিলেটের ৩টি উইকেট নিয়েছেন আরাফাত সানি। এই ৩টি উইকেট আরাফাতকে বসিয়েছে এনামুল জুনিয়রের পাশে। দুজনই এবারের লিগে সর্বোচ্চ ৪৩টি করে উইকেট পেয়েছেন।