আবারও গেইল-ঝড়
আজহার মেহমুদের বলটা গিয়ে লাগল অফ স্টাম্পে। উল্লাসে ফেটে পড়ল ঢাকা গ্ল্যাডিয়েটরস। একজন তো মাঠেই শুয়ে পড়লেন! তবে দল বেঁধে উৎসব করার আগে সবাই গিয়ে পিঠ চাপড়ে অভিনন্দন জানালেন বরিশাল বার্নার্সের বিদায়ী ব্যাটসম্যানকে। ব্যাটসম্যানের নাম ক্রিস গেইল।টার্গেট ২০৯। ‘অতিমানব’ ক্রিস গেইলের সামনে সেটাও যেন তুচ্ছ! ২০৮ রান করা ঢাকা গ্ল্যাডিয়েটরসের স্বপ্নের মৃত্যু হতে যাচ্ছিল গেইলের সংহার মূর্তির সামনে। কিন্তু হলো না, হতে দিল না ইনিংসের ১৫ বল আর জয় থেকে ৪৬ রান দূরে থাকতে গেইলের ওই আউট। ৬১ বলে ১১ ছক্কা আর ছয় বাউন্ডারিতে ১১৬—গেইলের তো বটেই, বিপিএলেই এটি দ্বিতীয় সেঞ্চুরি। সিলেট রয়্যালসের বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে বরিশাল ম্যাচ জিতলেও কাল তারা হেরে গেল ২১ রানে।আগের ম্যাচে চট্টগ্রাম কিংসকে হারানো ঢাকা আরেকটা দিক দিয়েও চট্টগ্রামের চেয়ে এগিয়ে গেল এ ম্যাচে। রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের ৪ উইকেটে ২০৬ রানই কালকের আগ পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ স্কোর হয়ে ছিল। বরিশাল বার্নার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস করল ৫ উইকেটে ২০৮। ১৯ রানে ২ উইকেট পড়ার পর পাকিস্তানি ওপেনার ইমরান নাজিরের সঙ্গে স্বদেশি আজহার মেহমুদের ৮৬ রানের তৃতীয় উইকেটজুটি বদলে দেয় দৃশ্যপট। কাইরন পোলার্ড আর ড্যারেন স্টিভেন্সকে নিয়ে বাকি কাজটাও করেন আজহার। ৬২ রানের চতুর্থ উইকেটজুটিতে পোলার্ডের ৩৬। পাঁচ ছক্কার তিনটিই বাঁহাতি স্পিনার নাজমুল অপুর করা ইনিংসের ১৫তম ওভারে। আজহারের ৪৭ বলে অপরাজিত ৭৭ রানে তিন ছক্কার সঙ্গে বাউন্ডারি আটটি।৬০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে যাদের শুরু, ২০৮ তাড়া করে ম্যাচ জয় তাদের জন্য স্বপ্নের চেয়েও বেশি কিছু। ক্রিস গেইলের ব্যাট জাদুর কাঠি হয়ে সত্যি করতে চাইল বরিশালের স্বপ্ন। এক প্রান্তে উইকেট পড়লেও আরেক প্রান্তে গেইল এতটাই অপ্রতিরোধ্য ছিলেন যে, ৭২ বলেই ১০৩ রান হয়ে যায় বরিশালের, গেইলের তাতে ৮০! এর আগে ছয় ছক্কা ও দুই চারে ৩৫ বলে পূর্ণ করেছেন ফিফটি। সেঞ্চুরি এসেছে ৫৩ বলে, ততক্ষণে নামের পাশে আরও চারটি ছক্কা আর তিনটি চার। চতুর্থ উইকেটে মিঠুনের সঙ্গে হয়েছে ১০৩ রানের জুটি।দিন শেষে ফলাফলটাই আসল। তার পরও বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ২০৮/৫ (আজহার ৭৭*, ইমরান ৫৮, পোলার্ড ৩৬, স্টিভেনস ১৩; ইয়াসির ২/৩০, কবীর ২/৩১, আলাউদ্দিন বাবু ১/২৪)। বরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৮৭/৫ (গেইল ১১৬, মিঠুন ৩৮; মাশরাফি ২/২০, আজহার ২/৪২, স্টিভেন্স ১/২৪)। ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আজহার মেহমুদ।