আবারও গেইলের গ্যাংনাম নৃত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে গ্যাংনাম নেচে দেখালেন গেইল। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে গ্যাংনাম নেচে দেখালেন গেইল। ছবি: প্রথম আলো

ক্রিস গেইল মানেই ধুমধাড়াক্কা ক্রিকেট, ক্রিস গেইল মানেই বিনোদনের খাঁটি নিশ্চয়তা! নির্লিপ্ত ভঙ্গিতে যেভাবে বোলারদের কচুকাটা করেন, দেখে মনে হতে বাধ্য, টি-টোয়েন্টির জন্মই যেন তাঁর জন্য! ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে ২২ গজে ‘মুুডে’ থাকলে ক্যারাবিয়ান ঝড় কাকে বলে, কত প্রকার ও কী কী, তা হাড়ে হাড়ে টের পান বোলাররা। আজ রূপসী বাংলা হোটেলে আয়োজিত উন্মুক্ত সেশনে সাংবাদিকদের সামনেই ধরা দিল সেই একই গেইল। আমুদে, রসিক, বিনোদনের এক উত্তম প্যাকেজ! সাংবাদিকদের গুরুগম্ভীর প্রশ্নে গেইলের হাস্যরসাত্মক উত্তর। সংবাদ সম্মেলন নয়, যেন গেইলের বাড়ির উঠানে হচ্ছে দারুণ এক ঘরোয়া আড্ডা।
প্রশ্ন করা হলো, ব্যাট হাতে রুদ্ররূপের পাশাপাশি খণ্ডকালীন বোলার হিসেবে অফ স্পিনটাও মন্দ করেন না। আর বাংলাদেশের উইকেটও যথেষ্ট স্পিনসহায়ক। বোলিং নিয়ে কী ভাবছেন? কৌতুক করেই উত্তর দিলেন, ‘আই অ্যাম দ্য বেস্ট স্পিনার অব দ্য ওয়ার্ল্ড। ইউ গাইজ মিস মি!’ অমনি সবার মধ্যে হাসির হুল্লোড়। সাংবাদিকদের সঙ্গে তাল মিলিয়ে গেইল যেভাবে খেক খেক করে হাসলেন, সেটিও কম বিনোদিত করল না উপস্থিত সবাইকে।
এবার সিরিয়াস প্রশ্ন, টি-টোয়েন্টির আদর্শ ব্যাটসম্যান তিনি। প্রচুর প্রত্যাশাও তাঁর প্রতি। ব্যাপারটি কীভাবে দেখেন? বললেন, ‘এটা আমার জন্য খুব চাপের। কেবল ওয়েস্ট ইন্ডিজ নয়, বিশ্বের সবাই চায় ক্রিস গেইল কিছু করে দেখাক। মানুষ বিনোদন পেতে চায়। আমিও সাধ্যমতো সবাইকে বিনোদিত করি। তবে এটা করা খুব সহজ কাজ নয়।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিটি তাঁরই। করেছিলেন সেই ২০০৭ বিশ্বকাপেই। এরপর আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি পেলেও আন্তর্জাতিক অঙ্গনে আর তিন অঙ্ক ছোঁয়া হয়নি তাঁর। এবার কি পারবেন শতক হাঁকাতে? বললেন, ‘এটি আসলে পরিকল্পনা ও পরিস্থিতির ওপর নির্ভর করে। নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারলে সেঞ্চুরি পাওয়া অসম্ভব নয়।’

এ মুহূর্তে বিভিন্ন দেশে বহু জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, বিশেষ করে আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ প্রভৃতি। আদর্শ টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করতে এসব টুর্নামেন্ট কতটুকু সহায়তা করেছে গেইলকে? জানালেন, ‘প্রচুর খেলোয়াড় টুর্নামেন্টগুলোয় খেলেছে। প্রত্যেকে এখান থেকে শেখার সুযোগ পায়। পরিস্থিতি দ্রুত বদলায় এসব টুর্নামেন্টে। জানি না এখানকার কন্ডিশন কী। তবে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

এবার ভিন্ন প্রসঙ্গ। মূলত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আদর্শ হলেও টেস্টেও রয়েছে ১৫টি সেঞ্চুরি। রয়েছে দুটি ট্রিপল সেঞ্চুরি। ফের ট্রিপল হাঁকাবেন কবে? মজা করেই উত্তর দিলেন, ‘পরের টেস্টেই, নিউজিল্যান্ডের বিপক্ষে।’

২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই সোহাগ গাজীর শিকার হয়েছিলেন গেইল। সে কথা মনে করিয়ে দিতেই হেসে বললেন, ‘কার কথা বলছেন? সোহাগ গাজী? যার অভিষেক টেস্টের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলাম?’ এরপর সিরিয়াস ভঙ্গিতেই বললেন, ‘সে এখন অনেক বিখ্যাত হয়েছে, না? খুব ভালো বোলার, তরুণ প্রতিভা, উজ্জ্বল ভবিষ্যত্।’

এবার কোন দলকে ফেবারিট মানছেন? জ্যামাইকান বাঁ-হাতি বললেন, ‘সত্যি বলতে কী, প্রত্যেক দলের সমান সুযোগ রয়েছে। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। এ সংস্করণে একটি ওভারই সব বদলে দিতে পারে।’ নিজেদের সম্ভাবনা প্রসঙ্গে বললেন, ‘আমাদের ভালো সুযোগ রয়েছে। কেবল নিজেদের কাজটি করতে হবে। চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। ’

গতবার শ্রীলঙ্কায় শিরোপা জিতে গ্যাংনাম নেচেছিলেন। এবার বাংলাদেশে ফের গ্যাংনাম নাচবেন গেইলরা? শুনে ঠোঁটের ফাঁকে হাসি ঝুলিয়ে বললেন, ‘আরে নৃত্যের কথা কেন সংবাদ সম্মেলনে? পরে টিভিতেই দেখে নেবেন!’ আবারও হাসির রোল পড়ল সাংবাদিকদের মধ্যে।