আবারও গোলে ভাসল বাংলাদেশ
হারটা অপ্রত্যাশিত ছিল না। তবে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল যতটা কম গোল খাওয়া যায়। সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ—কাল আবারও স্বাগতিকদের জালে ঢুকল আধডজন গোল!এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বে টপ ফেবারিট ইরান কাল বাংলাদেশকে হারাল ৬-০ গোলে। হ্যাটট্রিক করেছেন তানিন নারাঘি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইরানের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এতে উজ্জ্বল হলো আরও।টুর্নামেন্টের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৬ গোল খেলেও অন্তত একটা গোল দিতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা। কাল সেটাও পারল না। অবশ্য প্রথমার্ধে খেলার চেহারাটা ছিল অন্যরকম—৪৩ মিনিট পর্যন্ত গোলবার আগলে রেখেছিলেন সাবিনা আক্তার। কিন্তু শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতেই হয়েছে, ৪৪ মিনিটে গোলের উৎসব শুরু করেন তানিন। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে নিয়ে যেন ছেলেখেলা করল ইরান। ৬০ ও ৭৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তানিন নারাঘি। অধিনায়ক জাহরা ঘানবারি দুটি গোল করেন ৪৭ ও ৮৬ মিনিটে। ৫০ মিনিটে বাকি গোলটি করেছেন গত ম্যাচের হ্যাটট্রিক-নায়িকা ফারহাদি।ম্যাচ শেষে কোচ মাহমুদ আলম (বাবু) জানালেন, ‘আমরা ইরানের চেয়ে টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, শারীরিকভাবে—সব দিকেই পিছিয়ে। এত পিছিয়ে থেকে আসলে করার কিছুই থাকে না। আমাদের মেয়েরা ইচ্ছাশক্তি দিয়ে খেলেছে। নতুন হিসেবে অনেক ভালো খেলেছে ওরা।’ টানা দুই জয়ে দারুণ খুশি ইরানের কোচ মাহনাজ, ‘আমার সব সময় বিশ্বাস ছিল এই ম্যাচে জিতব। সেটাই হয়েছে। প্রথমার্ধে একটু কঠিন হয়ে পড়েছিল ব্যাপারটা। তবে দ্বিতীয়ার্ধে মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলেছে।’ আগামীকাল বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।