ড্র করলেই প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে যেত তিউনিসিয়ার। কিন্তু হেরে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল আফ্রিকার সাবেক চ্যাম্পিয়নদের! তিউনিসিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। আফ্রিকান নেশনস কাপে চমক দেখানো দলটির চোখে এখন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শনিবার রাতে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া ও সেনেগালও। এর আগে গত জুনে প্লে-অফে উঠে যায় আলজেরিয়া, মিসর আর আইভরি কোস্ট। গত শুক্রবার এদের সঙ্গী হয়েছে ঘানা। কাল লিবিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে ‘অদম্য সিংহ’ ক্যামেরুন।
বাছাইপর্বের দ্বিতীয় ধাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা এই ১০ দল তৃতীয় ধাপে ড্রয়ের পর পাবে প্লে-অফের জন্য একটি করে প্রতিপক্ষ। দুই লেগের প্লে-অফে জয়ী পাঁচ দল খেলবে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে। ১৬ সেপ্টেম্বর কায়রোতে হবে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই প্লে-অফের ড্র। রয়টার্স।