আবারও চুমুর অপেক্ষায় সারা কারাবোনেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসিয়াসের সাক্ষাত্কারের অপেক্ষায় সারা কারাবোনেরো। ছবি: এএফপি
ক্যাসিয়াসের সাক্ষাত্কারের অপেক্ষায় সারা কারাবোনেরো। ছবি: এএফপি

বিশ্বকাপ মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। এ বিশ্বকাপেই জন্ম হয় বহু অনপনেয় স্মৃতি। এরই একটি সারা কারাবোনেরো-ইকার ক্যাসিয়াসের বিখ্যাত চুম্বন দৃশ্য। যে মুহূর্ত চলে যায়, সেটি দ্বিতীয়বার ফিরে পাওয়ার সুযোগ নেই। তবে হতে পারে পুনরাবৃত্তি। এবার কি হবে অসাধারণ দৃশ্যটির পুনরাবৃত্তি?
তার আগে ফ্লাশব্যাকে যাওয়া যেতে পেরে। ১১ জুলাই ২০১০, বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে উঠেছে। বিজয়ী স্পেন অধিনায়কের সাক্ষাত্কার নিতে গেলেন স্পেনের টেলেসিনসো টিভির প্রতিবেদক কারাবোনেরো। কথা বলার মতো অবস্থায় ছিলেন না আবেগাক্রান্ত ক্যাসিয়াস। ওদিকে গুছিয়ে প্রশ্ন করতে পারছিলেন না পেশাদার সাংবাদিক সারাও। এভাবে খানিকক্ষণ চলার পর সেই দৃশ্যের অবতারণা—পেশাদারি খোলস ছেড়ে সারাকে আলিঙ্গনে বেঁধে ঠোঁটে চুমু এঁকে দিলেন ক্যাসিয়াস!
দুয়ারে আরেকটি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখতে ব্রাজিলে পা রেখেছে স্পেন দল। এবার সে চুম্বন দৃশ্যের পুনরাবৃত্তি হবে—কারাবোনেরোকে এমন প্রশ্ন করা হলে স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডো’কে বললেন, ‘ঐতিহাসিক সে মুহূর্ত কখনোই ফিরে আসবে না। তবে হ্যাঁ, ফুটবলের পবিত্রভূমি ব্রাজিলে জিততে পারলে সেটি অবিশ্বাস্য হবে। যদিও এটি খারাপ শোনাচ্ছে। তবুও মনে হয়, প্রথমবার জয়ের মতো এটি (চুম্বন) ততটা প্রগাঢ় হবে না!’
সব প্রথমের যে অর্বাচীন সুখ, সেটিই স্মরণ করিয়ে দিতে চাইলেন ক্যাসিয়াসের জীবনসঙ্গিনী।

সারা কারাবোনেরো-ইকার ক্যাসিয়াসের বিখ্যাত চুম্বন দৃশ্য